অটোরিকশা-লেগুনার সংঘর্ষ, প্রাণ গেল স্কুলছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজ এলাকায় আজ শনিবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে শাহরিয়ার হোসেন (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন ওই ছাত্রের মাসহ ১০ জন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শাহরিয়ার চরমনসা গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। সে আমবীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। আহতরা হলেন, নিহতের মা মারজাহান বেগম, রওশন আরা, শাহাদাত হোসেন, আবদুর রহিম, মো. হিরণ, নুর হোসেন, নুরজাহান বেগম, রাজু হোসেন, নুর ভানু ও শুকুরী বেগম।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বিকেল তিনটার দিকে ভবানীগঞ্জ কলেজ এলাকায় তোরাবগঞ্জ বাজার থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা যাত্রী ওই ছাত্র নিহত হন। আহত হন তার মাসহ ১০ জন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।