অটোরিকশাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট এলাকায় গতকাল মঙ্গলবার কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার জিরি ইউনিয়নের মো. মোকতার (২২) ও কুসুমপুরা ইউনিয়নের নয়ন (১৩)। দুর্ঘটনায় অটোরিকশার চালক ও দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে জানান, হাসপাতালে আনার পর মোকতার ও নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পটিয়া ক্রসিং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, গতকাল বেলা দেড়টার দিকে শান্তিরহাটের পাশে পটিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।