অটোরিকশাকে ট্রেনের ধাক্কা ৮ জন নিহত
গাজীপুরের হায়দরাবাদ এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আট আরোহী নিহত হয়েছেন। এঁদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য।
নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী সদরের জিতরামপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে শাহ আলম (২৭), তাঁর স্ত্রী পিয়ারা বেগম (২১), তাঁদের ছেলে ইয়াসিন (৪) ও মেয়ে সাদিয়া (৬), পিয়ারার বোন সফুরা (১২), শাহ আলমের ফুফাতো ভাই আলামিন (২৭), প্রতিবেশী লিটন মিয়া (২২) এবং অটোরিকশার চালক নরসিংদীর বালাফুরের চর এলাকার আবদুর রফিকের ছেলে মো. মোস্তাফা (২০)।
স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, বেলা পৌনে তিনটার দিকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রেললাইন পার হওয়ার সময় এর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি ডেমু ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। তখন অটোরিকশাটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় ট্রেনটি অটোরিকশাটিকে নিয়ে প্রায় আধা কিলোমিটার উত্তরে দক্ষিণখান এলাকায় গিয়ে থামে। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ আটজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম হাসপাতালে যান। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া বলেন, ওই ক্রসিংয়ে কোনো প্রতিবন্ধক বা সংকেতের ব্যবস্থা ছিল না। এটি ছিল অবৈধ ও এলাকাবাসীর তৈরি করা ক্রসিং।