অটোরিকশাচালক ও শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুতে গতকাল সোমবার একটি হাঁস-মুরগির খাবার তৈরির কারখানায় মালামাল বহনকারী ট্রাক দেবে বগুড়া-কাহালু সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এতে যানজটের সৃষ্টি হলে সিএনজিচালিত অটোরিকশাচালক ও পরিবহনশ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা কারখানা কর্তৃপক্ষের কাছে রাস্তা মেরামত করে দেওয়ার দাবি জানান। কারখানা কর্তৃপক্ষ তাতে সাড়া না দিলে অটোরিকশাচালক ও শ্রমিকেরা কারখানটি ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা কারখানায় হামলা ও ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে নিয়ে বৈঠক করে। কারখানা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে দেওয়ার আশ্বাস দেয়। এ পর্যায়ে অবরোধ তুলে নেওয়া হয়।
অটোরিকশাচালক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে ‘আরবি এগ্রোভেট লিমিটেড’ নামের কারখানার দুটি পণ্যবাহী ট্রাকে অতিরিক্ত মালামাল বহন করা হয়। এতে বগুড়া-কাহালু সড়কের কইচড় এলাকার একটি অংশ দেবে যায়। সেখানে পণ্যবাহী ট্রাক দুটি আটকে গেলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তার দুপাশে আটকা পড়ে যাত্রীবোঝাই অটোরিকশা। দীর্ঘ সময়েও ট্রাক উদ্ধার না হওয়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। একপর্যায়ে ক্ষুব্ধ অটোরিকশাচালক ও পরিবহনশ্রমিকেরা কারখানা ঘেরাও করেন। পরে তাঁরা কারখানার সামনে অবস্থান নেন। এ সময় আটকেপড়া অটোরিকশাচালকেরা তাঁদের যানবাহন দিয়ে কারখানার সামনের সড়ক অবরোধ করে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে বগুড়ার মোটরশ্রমিকেরাও এসে তাঁদের সঙ্গে যোগ দেন। অবরোধকারীরা ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের দাবি জানালে কারখানা কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। একপর্যায়ে তাঁরা ওই কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ক্লোজড সার্কিট ক্যামেরা, জানালার কাচ ও বৈদ্যুতিক মিটার ভাঙচুর করেন।
একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন। পরে আন্দোলনরত অটোরিকশা মালিক-মোটর শ্রমিক নেতা ও পুলিশের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ বৈঠক করে। এ সময় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে দেওয়ার পাশাপাশি মালবোঝাই ট্রাক ওই সড়কে না চালানোর ঘোষণা দেন কারখানা ব্যবস্থাপক আনোয়ার হোসেন। এ পর্যায়ে ক্ষুব্ধ শ্রমিক ও চালকদের পক্ষে শ্রমিক নেতা শাহাদৎ হোসেন অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন। দুপুর ১২টা থেকে সড়কে যানচলাচল শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) আবু হেলাল জানান, কারখানা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করার আশ্বাস দেয়। এর পরিপ্রেক্ষিতে অটোরিকশাচালক ও শ্রমিকেরা অবরোধ তুলে নেন।