অটোরিকশাচালক তপনের ছাদকৃষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটোরিকশাটিকে একই সঙ্গে পরিবেশবান্ধব এবং যাত্রীবান্ধব করে গড়ে তুলেছেন তপন চন্দ্র ভৌমিক। ছবি: কে এইচ হাসিবুজ্জামান
অটোরিকশাটিকে একই সঙ্গে পরিবেশবান্ধব এবং যাত্রীবান্ধব করে গড়ে তুলেছেন তপন চন্দ্র ভৌমিক। ছবি: কে এইচ হাসিবুজ্জামান

সিএনজিচালিত অটোরিকশাকে এক টুকরো সবুজ বাগানে পরিণত করেছেন তপন চন্দ্র ভৌমিক। পথ চলতে গিয়ে হঠাৎ চমকে যাওয়ার মতো দৃশ্য। মালিককে রাজি করিয়ে অটোরিকশার ছাদে বাগান করেছেন নিজের খরচে। প্রতিদিন নিজ হাতেই গাছের যত্ন নেন। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই। ঢাকাতেই জন্ম। খিলগাঁওয়ের গোড়ানে পরিবার-পরিজন নিয়ে তাঁর বাস। পূর্বপুরুষের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর। বৃক্ষ পরিচর্যার প্রতি দিনে দিনে মানুষের অনীহা তাঁকে মর্মাহত করে। বিনে পয়সায় অক্সিজেন, ফল-ফলাদি, জ্বালানি ও ছায়ার সরবরাহ দেওয়া গাছকে নির্মমভাবে কেটে ফেলায় তিনি ক্ষুব্ধ। আর এই ক্ষোভকে শক্তিতে পরিণত করতেই তাঁর এই ছাদকৃষি। সবুজায়নে ব্রতী হওয়ার পরিকল্পনা কীভাবে এল? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ছাদকৃষি আমার কাছে এক ধরনের প্রতীকী পরিবেশ আন্দোলন। ব্যাপক বৃক্ষ নিধনের কারণে সামান্য গরমেই এখন আমরা অস্থির বোধ করি। জলবায়ুর পরিবর্তনের ফলে পরিবেশগত বিপর্যয় ঘটেছে। আমাদের যার সাধ্যের ভেতর যতটুকু সম্ভব, ততটুকু বৃক্ষায়ন এবং সেটিকে পরিচর্যার মাধ্যমে এই পরিবেশ আন্দোলনকে আমরা আরও অর্থবহ করে তুলতে পারি।’

অটোরিকশার ভেতর সুন্দর করে সাজানো। ছবি: কে এইচ হাসিবুজ্জামান
অটোরিকশার ভেতর সুন্দর করে সাজানো। ছবি: কে এইচ হাসিবুজ্জামান

১০ বছর ধরে অটোরিকশা চালাচ্ছেন তপন। মূলত তিনি ছিলেন অলংকারশিল্পী। চোখে সমস্যা দেখা দেওয়ায় পেশা পরিবর্তন। তবে শিল্পী মন তাঁকে ছেড়ে যায়নি। দিনে দিনে অটোরিকশাটিকেও অলংকৃত করেছেন। তাইতো ক্ষুদ্র পরিসরে শুধু ছাদকৃষি নয়, অটোরিকশার ভেতর সর্বোচ্চ যাত্রীসেবার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মনে হবে যেন ভুল করে কোনো বাড়িতে প্রবেশ করেছি। ভেতরে দামি কাপড়ে মোড়ানো সিট। তার ওপর কুশন। সেই সঙ্গে দুই পাশে আকর্ষণীয় পর্দা ঝোলানো। রয়েছে আয়না, চিরুনি, ক্যালকুলেটর, বমি ও মাথাব্যথার ওষুধ আর মোবাইল চার্জের ব্যবস্থা। আরও আছে অ্যাকোরিয়াম। সেখানে মাছও আছে বটে।

অটোরিকশার ভেতরের দৃশ্য। ছবি: কে এইচ হাসিবুজ্জামান
অটোরিকশার ভেতরের দৃশ্য। ছবি: কে এইচ হাসিবুজ্জামান

ছোট্ট এই যানটিতে কী নেই! ফ্রি ওয়াইফাই। বিশুদ্ধ পানি। বৈদ্যুতিক পাখা। জ্যামের কষ্ট ভুলে গিয়ে সময় কাটাতে রয়েছে পত্রিকা। বিনোদনের জন্য সিডি প্লেয়ার ও হেড ফোন। অন্ধকারে ব্যবহারের জন্য সৌর বিদ্যুৎ-চালিত লাইট। এ ছাড়াও রয়েছে নখ কাটার মেশিন, ফেসিয়াল টিস্যু, ফার্স্ট এইড বক্স। অটোরিকশায় উপন্যাসও রেখেছেন। এ ছাড়া অগ্নিনিরাপত্তার কথা ভেবে ছোট্ট একটি ফায়ার এক্সটিংগুইসার। আর পাখিপ্রেমিক যাত্রী হলেতো যাত্রাপথের আনন্দই অন্য রকম। এতেই ক্ষান্ত হননি তপন ভৌমিক। বৃষ্টির মধ্যে যাত্রীদের ব্যবহারের সুবিধার্থে রেখেছেন ছাতার ব্যবস্থা। জরুরি মুহূর্তে কারও নাম-ঠিকানা লিখে রাখতে কলম, প্যাড ও স্ট্যাপলারও দেখা গেল একটি বক্সে। ছাদকৃষি আর বৈদ্যুতিক পাখার মাধ্যমে অটোরিকশার ভেতরকার তাপমাত্রা কমানোর প্রয়াস পেয়েছেন তিনি। অটোরিকশাটিকে একই সঙ্গে পরিবেশবান্ধব এবং যাত্রীবান্ধব করে গড়ে তুলেছেন। প্রয়োজনে আরও নতুন নতুন সেবা যোগ করতে তপন দৃঢ় প্রত্যয়ী।

ছোট্ট যানটিতে রয়েছে আয়না, চিরুনি, ক্যালকুলেটর, বমি ও মাথাব্যথার ওষুধ আর মোবাইল চার্জের ব্যবস্থা। ছবি: কে এইচ হাসিবুজ্জামান
ছোট্ট যানটিতে রয়েছে আয়না, চিরুনি, ক্যালকুলেটর, বমি ও মাথাব্যথার ওষুধ আর মোবাইল চার্জের ব্যবস্থা। ছবি: কে এইচ হাসিবুজ্জামান

মিটার বা ভাড়ায়—যাত্রীর ইচ্ছা অনুযায়ী তিনি চলেন। যাত্রীদের কাছ থেকে কোনো রকমের বাড়তি ভাড়া নেন না। সম্প্রতি তিনি ‘ও ভাই’ নামের একটি অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানির মাধ্যমে যাত্রীসেবা দিতে শুরু করেছেন। যাত্রীদের কেউ কেউ খুশি হয়ে তাঁকে বকশিশও দেন। ‘পাঠাও’-‘উবার’ এর সহজলভ্যতার যুগে অটোরিকশার ক্রমহ্রাসমান চাহিদা বিবেচনায় তাঁর এই উদ্যোগ যাত্রীদের নিঃসন্দেহে আকৃষ্ট করবে। পাশাপাশি তাঁর এই ছাদকৃষি দায়িত্বশীল নাগরিক হিসেবে বৃক্ষের প্রতি আমাদের মমত্ববোধকে জাগ্রত করবে এবং প্রকৃতিপ্রেমিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে বলে আশা করা যায়। রুক্ষ, রুগ্‌ণ শহর ঢাকা প্রাণ ফিরে পাবে। ছায়া সুনিবিড় এক শান্তির আধারে পরিণত হবে। ফুলে-ফলে ছেয়ে যাবে শহরের বাড়ি-ঘর আর রাস্তা-ঘাট।

হোসাইন মোহাম্মদ জাকি: গবেষক, সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ