অটোরিকশাচালক নারীসহ তিন খুন
মৌলভীবাজারের বড়লেখায় গতকাল শুক্রবার সিএনজিচালিত এক অটোরিকশাচালককে তাঁর ভাতিজা কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক নৈশপ্রহরীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক নারী খুন হয়েছেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক বড়লেখা উপজেলার কেছরিগুল গ্রামের আসুক আহমদ (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গন্ন গ্রামের আজদর আলী (৫৫), মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শিল্পী আক্তার (৪৫) ও পূর্বধলা উপজেলার জারিয়া-চাকুয়াপাড়া গ্রামের বিল্লালের স্ত্রী হামিদা আক্তার (২২)।
প্রথম আলোরনিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
জুড়ী (মৌলভীবাজার): বড়লেখা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক আসুকের সঙ্গে তাঁর ভাই হেলাল আহমদের গাছ কাটা নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ১০-১২ দিন আগে আসুক হেলালকে মারধর করেন। এতে হেলালের হাতের একটি আঙুল কেটে যায়। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বেলা একটার দিকে আসুক বাড়ির পাশে মাঠে গরু চরাতে গেলে হেলালের ছেলে সুমন আহমদ (২৫) ধারালো দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় আসুকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সুমন পালিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে আসুক মারা যান। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য আসুকের লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে।
সিলেট: বিশ্বনাথ থানার পুলিশ জানায়, আজদর আলী বিশ্বনাথ উপজেলার নয়াবাজারের নৈশপ্রহরী ছিলেন। গতকাল ফজরের নামাজ পড়তে নয়াবাজার জামে মসজিদের অজুখানায় গিয়ে মুসল্লিরা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম জানান, আজদর আলীর বুকে ও পেটে ছুরির আঘাত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে মসজিদের অজুখানায় ফেলে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মির্জাপুর(টাঙ্গাইল): মির্জাপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী কাসেম মিয়ার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর শিল্পী প্রায় ১৫ বছর ধরে তাঁর ভাই মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জহিরুলের বাড়িতেই থাকতেন। গত বুধবার জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের বাদল খান ও তাঁর ভাইদের সঙ্গে জহিরুল হক খান ও তাঁর পরিবারের সদস্যদের সংঘর্ষ হয়। এতে শিল্পী আহত হন। ওই দিনই তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নেত্রকোনা: পূর্বধলা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক বছর দুই মাস আগে পূর্বধলা উপজেলার জারিয়া-চাকুয়াপাড়া গ্রামের সোলেমান খাঁর ছেলে বিল্লালের সঙ্গে একই উপজেলার নাটেরকোনা গ্রামের হাসমত উল্লাহর মেয়ে হামিদার বিয়ে হয়। বিয়ের পর বিল্লাল মাদকাসক্ত হয়ে পড়েন। গত বৃহস্পতিবার রাতে এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বিল্লাল হামিদাকে মারধর করেন। গভীর রাতে তিনি বাড়ির লোকজনদের জানান, হামিদা মারা গেছেন। খবর পেয়ে পুলিশ গতকাল বেলা তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে হামিদার লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী বিল্লাল হোসেনকে আটক করে।