অটোরিকশাচালককে খুনের দায়ে একজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে খুনের অপরাধে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন নরসিংদীর শিবপুর থানার রমজান মিয়া (৩৩)। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৪ জুন অটোরিকশায় যাত্রী নিয়ে নিখোঁজ হন শিবপুর থানার পারভেজ ভুইয়া। পরদিন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরনিলক্ষী এলাকায় পারভেজের লাশ পাওয়া যায়। এ ঘটনায় পারভেজের চাচা কিরণ ভুইয়া রমজানসহ পাঁচজনের নাম উল্লেখ করে কাপাসিয়া থানায় মামলা করেন। অন্য আসামিরা হলেন একই জেলার মোবারক হোসেন, বিল্লাল হোসেন, কাজল মিয়া ও আকরাম হোসেন। ২০১৫ সালের ১১ নভেম্বর আদালতে দেওয়া অভিযোগপত্রে শিবপুরের সাদ্দাম হোসেন ওরফে রানা মিয়া ও রিপন হোসেনের নাম অন্তর্ভুক্ত করে পুলিশ। দীর্ঘ শুনানি ও ১২ জনের সাক্ষ্য গ্রহণের পর গতকাল রমজানের ফাঁসির আদেশ দেন বিচারক। অন্যদের বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় রমজান আদালতে উপস্থিত ছিলেন।