অটোরিকশাচালকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের আবদুল্লাহপুরে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শতাধিক সিএনজিচালিত অটোরিকশার চালক ও এলাকাবাসী।
ঢাকা-মাওয়া মহাসড়কসংলগ্ন আবদুল্লাহপুর বাইপাস সড়কে মুন্সিগঞ্জের হাসাড়া হাইওয়ে পুলিশের অভিযানকালে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করার অভিযোগ করে চালকেরা গতকাল মঙ্গলবার মহাসড়ক অবরোধ করেন। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
অটোরিকশাচালক সাত্তার মিয়া জানান, মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকায় তাঁরা আবদুল্লাহপুর বাইপাস সড়কে অটোরিকশা চালান। কিন্তু মুন্সিগঞ্জের হাসাড়া হাইওয়ে পুলিশ বাইপাস সড়কে এসে ১০-১২টি অটোরিকশা আটক করে ভাঙচুর করে। প্রতিবাদ করায় চালকদের বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে চালক, মালিক ও এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাঁরা আবদুল্লাহপুরে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেন। ফলে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে গিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।