অটোরিকশাচালকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের চাঁদাবাজি ও এক অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদে গতকাল রোববার ঢাকার সাভারের রফিক সেতুর টোল প্লাজা এলাকায় হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালক ও মালিকেরা। গত বুধবারও তাঁরা একই অভিযোগে সড়ক অবরোধ করেছিলেন।
চালক ও মালিকেরা বলেন, একজন চালককে মারধর ও অন্য একজনের কাছ থেকে চাঁদা নেওয়ার খবর ছড়িয়ে পড়লে কয়েক শ অটোরিকশাচালক ও মালিক টোল প্লাজার সামনে বিকেল পৌনে চারটার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁরা স্থানীয় ফাঁড়িতে কর্তব্যরত সব পুলিশ সদস্যের অপসারণ ও মারধরের বিচার দাবি করেন। অতিরিক্ত পুলিশ গেলে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
সিএনজিচালিত অটোরিকশার চালক মকবুল হোসেন বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তিনি শহীদ রফিক সেতুর কাছে পৌঁছালে পুলিশের তল্লাশি চৌকি থেকে তাঁকে থামার সংকেত দেওয়া হয়। গাড়ির গতি কমালে একজন কনস্টেবল লাফ দিয়ে তাঁর গাড়িতে ওঠেন। সেতুর মাঝামাঝি গিয়ে তিনি গাড়িটি থামিয়ে দেন। এ সময় ওই কনস্টেবল তাঁর কাছে এক হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না চাওয়ায় তাঁকে তল্লাশিচৌকিতে ধরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন কনস্টেবল মিলে তাঁকে বেধড়ক লাঠিপেটা করে এবং বুটের আঘাতে আহত করেন। এর পরপরই সিঙ্গাইর থেকে অটোরিকশা নিয়ে সেখানে অন্য চালক আবদুল কুদ্দুস পৌঁছান। তাঁর কাছ থেকে এক হাজার টাকা চাঁদা নেয় পুলিশ।
ওই অটোরিকশার যাত্রী মো. নয়ন বলেন, সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি থামাতে না পারায় পুলিশ চালককে আটক করে লাঠিপেটা করে। তাঁর কাছে চাঁদাও দাবি করা হয়।
অটোরিকশাচালক আবদুল কুদ্দুস বলেন, সাভার চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন শেখের উপস্থিতিতে একজন কনস্টেবল তাঁর পকেট থেকে টাকা নিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে বিদায় করে দেয়।
এসআই নাসির উদ্দিন শেখ ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা অস্বীকার করেন।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
অটোরিকশার চালক ও মালিকেরা বলেন, হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে প্রায় এক হাজার সিএনজিচালিত অটোরিকশা চলে। চামড়া শিল্পনগরী ফাঁড়ির পুলিশ প্রায় দিনই টোল প্লাজার সামনে তল্লাশিচৌকি বসিয়ে অটোরিকশা থেকে নানা অজুহাতে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। এর প্রতিবাদে বুধবার টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন। পরে সিঙ্গাইর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও সিঙ্গাইর থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হালিমের মধ্যস্থতায় তাঁরা অবরোধ তুলে নেন।
আবু বক্কর সিদ্দিক বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে তিনি গতকালও ঘটনাস্থলে যান। এ সময় তিনি সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামানের সঙ্গে কথা বলে তাঁকে ঘটনাস্থলে যেতে বলেন। কিন্তু তিনি ঘটনাস্থলে না গিয়ে বিষয়টি মিটমাট করে দিতে বলেন।
ওসি কামারুজ্জামান ফোন না ধরায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ঘটনাস্থলের আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় প্রতিদিনই পুলিশ অটোরিকশা আটকে নানা অজুহাতে চাঁদা আদায় করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে চালকদের নাজেহালও করা হয়।