অটোরিকশার অবৈধ স্ট্যান্ডে ছেয়ে গেছে রংপুর নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে সড়কে যত্রতত্র ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। ছবিটি বাংলাদেশ ব্যাংকের সামনে গত সোমবার তোলা  l প্রথম আলো
রংপুরে সড়কে যত্রতত্র ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। ছবিটি বাংলাদেশ ব্যাংকের সামনে গত সোমবার তোলা l প্রথম আলো

রংপুর নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের ১২টি স্থানে ৩০টির বেশি ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। এর সব কটিই অবৈধ। এভাবে যত্রতত্র স্ট্যান্ডের কারণে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।
মেডিকেল মোড়, ধাপ আর্মি চেকপোস্ট, বাংলাদেশ ব্যাংক মোড়, কাছারি বাজার, নবাবগঞ্জ বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, শাপলা মোড়, পার্ক মোড়, সাতমাথা, বাস টার্মিনাল ও বেতপট্টি মোড়ে এই স্ট্যান্ডগুলো অবস্থিত।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের কোথাও করপোরেশনের পক্ষ থেকে স্ট্যান্ড নির্ধারণ করা নেই। কিন্তু এরপরও এসব স্ট্যান্ড গড়ে উঠেছে। সেই সঙ্গে ২০০৯ সালে সাবেক পৌরসভা কর্তৃপক্ষ পাঁচ হাজার ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন দেয়। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে সিটি করপোরেশন দায়িত্ব নেওয়ার পর নতুন আর কোনো নিবন্ধন দেওয়া না হলেও বর্তমানে প্রায় ২০ হাজার অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে ১৫ হাজারই নিবন্ধনহীন।
এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘নিবন্ধনহীন অটোতে সয়লাব রংপুর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। গত রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত তিন ঘণ্টা এই ১২টি স্থানের মধ্যে মেডিকেল মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, কাছারি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও নবাবগঞ্জ বাজার এলাকা ঘুরে দেখেন এই প্রতিবেদক। এই ছয় স্থানে ১৬টি অটোরিকশার স্ট্যান্ড দেখা গেছে। এসব স্ট্যান্ডের কারণে রাস্তা সংকুচিত হয়ে মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
মেডিকেল মোড়ের চারদিকে রয়েছে তিনটি অটো স্ট্যান্ড। সিও বাজার থেকে অটোরিকশা এসে মেডিকেলের প্রধান ফটকের সামনে থামে। আবার সেখান থেকেই যাত্রী নিয়ে সিও বাজারে যায়। এর প্রায় ৫০ গজ দূরে শহর ও কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়ার পথে আরও দুটি অটো স্ট্যান্ড। মেডিকেল মোড়ের পাশেই থাকেন ওষুধ ব্যবসায়ী মারুফ ইলাহী। তিনি বলেন, ‘অটোর যন্ত্রণায় টেকা মুশকিল। আমাদের রাস্তা পারাপারে কী যে ঝুঁকি!’
বাংলাদেশ ব্যাংকের মোড়ের তিন দিকে রয়েছে তিনটি অটোরিকশার স্ট্যান্ড। প্রধান সড়কের এক পাশে শহরের কেল্লাবন্দসহ হাজিরহাট যাওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে অটোরিকশা। পাশেই গঙ্গাচড়া উপজেলা যেতে ও শহরের দিকে আসতে আরও দুটি স্ট্যান্ড রয়েছে। তিন স্ট্যান্ডের কারণে ওই মোড় দিয়ে চলাচলে দুর্ভোগের শেষ নেই। রংপুর বেতারের কর্মকর্তা রাজ বিশ্বাস বলেন, ‘অটো তো কমছে না, বরং বাড়ছে। প্রতিটি মোড়েই অঘোষিত অটোর স্ট্যান্ড হয়েছে।’ কাছারি বাজারে আদালতের সামনের সড়কেও অটোরিকশার লাইন পড়ে যায়। এখান থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত যাওয়া-আসা করে এসব গাড়ি। সেই সঙ্গে কাছারি বাজারের ট্রাফিক মোড়ের তিন দিকে আছে তিনটি স্ট্যান্ড। পায়রা চত্বরের দুই দিকে দুটি ও জাহাজ কোম্পানি মোড়ের তিন দিকে আছে আরও তিনটি স্ট্যান্ড। মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য রেজাউল ইসলাম বলেন, জরুরি ভিত্তিতে এসব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা না হলে এ শহরের জন্য বিপদ আছে।
জানতে চাইলে ট্রাফিক পুলিশের পরিদর্শক সামসুল আলম বলেন, সম্মিলিতভাবে এসব অটো স্ট্যান্ড অপসারণ করতে হবে। আমাদের একার পক্ষে সম্ভব নয়।’ অটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কবির বলেন, ‘এসব অবৈধ অটো স্ট্যান্ড বন্ধে আমরাও অনেকবার উদ্যোগ নিয়েছি। কিন্তু কোনো কাজে আসেনি।’
যোগাযোগ করলে সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া বলেন, এসব অবৈধ অটো স্ট্যান্ডের বিষয়ে বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে বৈঠক হয়েছে। তবে কোথায় কোথায় এসব স্ট্যান্ড থাকবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শিগগির ব্যবস্থা গ্রহণ করা হবে।