অটোরিকশার ওপর ট্রাক, একজন নিহত, আহত ৫
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাক একটি অটোরিকশার ওপর ওঠে গেলে একজন নিহত ও পাঁচজন আহত হয়। গতকাল সোমবার ধীতেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রফিক মিয়া (৭০)। তাঁর বাড়ি কুলাউড়া উপজেলার তেলিবিল গ্রামে। দুর্ঘটনায় অটোরিকশার চালক কমলগঞ্জের শমশেরনগর শামীম মিয়া ও যাত্রী রাকিব মিয়া (২৬), কুলাউড়ার হাজীপুরের বিলকিছ বেগম (৫৫) ও তাঁর ছেলে ইমরান আলী (২২) এবং মৌলভীবাজার সদরের সাজ মিয়া (৩৭)। এলাকাবাসী জানান, গতকাল সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা মৌলভীবাজার যাচ্ছিল। গতকাল বিকেল চারটার দিকে শমশেরনগর-মৌলভীবাজার সড়কের ধীতেশ্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটির ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই রফিক মিয়া প্রাণ হারান। আহত ব্যক্তিদের মধ্যে সাজ মিয়া, চালক শামীম ও যাত্রী রাকিব মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং বিলকিছ বেগম ও এমরান আলীকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমান জানান, আহত ব্যক্তিদের মধ্যে রাকিব মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশা উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে যান।