অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-নওগাঁ সড়কে অটোরিকশার চাকায় গলার ওড়না পেঁচিয়ে আহত মৌরি খাতুন নামে প্যারামেডিকেলের এক ছাত্রী মারা গেছেন। মৌরি সান্তাহার পৌরসভার আদর্শপাড়ার মোসলেম উদ্দীনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৌরি খাতুন (২০) বগুড়া প্যারামেডিকেলের ছাত্রী। পরীক্ষার ফল ভালো হওয়ায় সান্তাহার শহর থেকে মিষ্টি কিনে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল ও অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল বুধবার সকাল আটটায় তাঁর মৃত্যু হয়।