অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থী আহত
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল সোমবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যাওয়ার পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তায় ছিটকে পড়ে বৃষ্টি আকতার নামের এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সে উপজেলার চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী এবং ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী গ্রামের বাচ্চু খানের মেয়ে।
গুরুতর আহত অবস্থায় বৃষ্টি আকতারকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে বিশেষ ব্যবস্থায় বৃষ্টি আকতার পরীক্ষা দিচ্ছে। একজন পুলিশ কনস্টেবল ও পরীক্ষাকেন্দ্রের শিক্ষক সেলিম রেজা পরীক্ষার দায়িত্ব পালন করছেন। পাশেই রয়েছেন হাসপাতালের একজন নার্স। মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা ছিল বৃষ্টির। পরীক্ষা চলাকালে সে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট অনুভব করায় তাৎক্ষণিকভাবে তাকে অক্সিজেন দেওয়া হয়। প্রায় পৌনে এক ঘণ্টা পর কিছুটা সুস্থ হলে আবার লিখতে শুরু করে সে।
কর্তব্যরত শিক্ষক সেলিম রেজা জানান, পরীক্ষার কেন্দ্রে আসার পথে গোয়ালন্দের পৌর জামতলা এলাকায় অটোরিকশার চাকায় বৃষ্টির ওড়না পেঁচিয়ে গেলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সকাল পৌনে ১০টার দিকে বৃষ্টিকে তার সহপাঠীরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসে। কেন্দ্রসচিবসহ অন্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিছুটা সুস্থ অনুভব করলে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছিল সে, কিন্তু মাঝে ফের অসুস্থ হয়ে পড়ে।
খবর পেয়ে ছুটে আসা বৃষ্টির নানা মো. নুর ইসলাম জানান, নানা বাড়িতে থেকেই বৃষ্টি পরীক্ষায় অংশ নেয়। সকাল সাড়ে নয়টার দিকে সে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পথে এমন ঘটনায় অল্পের জন্য বৃষ্টি প্রাণে রক্ষা পায়। অসুস্থ শরীরে বৃষ্টি আকতার জানায়, তার পরীক্ষা দিতে ও কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তারপরও যত কষ্ট হোক, তবুও সে পরীক্ষা দিতে চায়।
চৌধুরী মাহাবুব হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম মিয়া জানান, বৃষ্টি আকতার মোটামুটি ভালো ছাত্রী। দুর্ঘটনার সংবাদ শুনে তিনি তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আজিজুর রহমান খান জানান, বৃষ্টির গলায় কিছুটা ক্ষত সৃষ্টি হয়েছে। এ ছাড়া সে আঘাত পেয়ে অসুস্থ হওয়ার পাশাপাশি অনেকটা ভয় এবং পরীক্ষার দুশ্চিন্তা থেকেও সে বেশি অসুস্থতা অনুভব করছে। সম্পূর্ণভাবে সুস্থ হতে তার দুই-তিন দিন সময় লাগবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা হাসান হাবীব জানান, এমন একটি ঘটনা তাঁকে কেন্দ্রসচিব জানাননি। দুপুরে অন্য মাধ্যম থেকে জানার পর শিক্ষার্থীর খোঁজ নিতে তিনি হাসপাতালে যান। বর্তমানে সে কিছুটা সুস্থ আছে। তাই দায়িত্ব পালনে গাফিলতির কারণে কেন্দ্রসচিব গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।