অটোরিকশার চাকায় ওড়না, প্রাণ গেল গৃহবধূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালাতো বোনের বিয়েতে অংশ নিয়ে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন সুমাইয়া আক্তার (২৪)। পথিমধ্যে চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে ঘটে বিপত্তি। রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান সুমাইয়া। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পল্লবীতে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
সুমাইয়ার বাড়ি মুন্সিগঞ্জের দীঘিরপাড় এলাকায়। তাঁর স্বামী কাজী মো. ফারুক গার্মেন্টসের সরঞ্জামাদির ব্যবসায়ী। তাঁরা মিরপুর কালাপানি এলাকায় থাকেন। সুমাইয়ার এক বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
স্বামীসহ খালাতো বোনের বিয়েতে অংশ নিয়ে মিরপুর-১১ নম্বরের মদীনানগর এলাকায় এলে দুর্ঘটনাটি ঘটে।