অটোরিকশার চাকায় শাড়ি পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় শাড়ি পেঁচিয়ে রাশেদা বেগম (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার আবাদপুকুর-কালিগঞ্জ সড়কের বানিয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাশেদা বেগম রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া পূর্বপাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
ওই গ্রামের বাসিন্দা আবদুল জলিলসহ এলাকাবাসী সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে গৃহবধূ রাশেদা আবাদপুকুর হাট এলাকা থেকে ইজিবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে পরনের শাড়ির আঁচল চাকার সঙ্গে পেঁচিয়ে শ্বাসরোধে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, সাবধান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
এদিকে নীলফামারীর জলঢাকা পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জলঢাকা পৌর এলাকার দুন্দিবাড়ি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জলঢাকা পৌর এলাকার দুন্দিবাড়ি আহেলার বাজার এলাকার রবিউল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২৪) ও মহির উদ্দিনের ছেলে লাভলু হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তাঁরা দুজনে মোটরসাইকেলে করে জলঢাকা শহরে যাওয়ার পথে জলঢাকা-ডোমার সড়কের দুন্দিবাড়ি এলাকার মোবুর পুকুরের পাশে সড়কে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের শিমুলগাছে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই শাহিন ইসলাম ও লাভলু হোসেন নিহত হন। লাভলু মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।