অটোরিকশার ছাদে লোহার জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও সাতরাস্তা মোড়ে যানজটে আটকা পড়ায় সিএনজিচালিত অটোরিকশার ভেতরে বসে মুঠোফোন ব্যবহার করছিলেন কামরুন নাহার। আচমকা মাথার ওপর থেকে হাত গলিয়ে টান দিয়ে মুঠোফোনটি ছিনিয়ে নেয় কেউ। অবাক বিস্ময়ে দেখতে পান, অটোরিকশার প্লাস্টিকের হুড পেছন দিকে কাটা। ঘটনাটি এ বছরের শুরুর দিকের।
গত দুই দিনে অন্তত ২০ জন সিএনজিচালিত অটোরিকশাচালকের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিনব পন্থায় সিএনজিচালিত অটোরিকশার প্লাস্টিকের হুড কেটে যাত্রীদের মুঠোফোন ও অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেওয়া হচ্ছে। মূলত ট্রাফিক সংকেতে আটকা পড়লে পেছন থেকে ব্লেড বা ধারালো ছুরি দিয়ে অটোরিকশার প্লাস্টিক কভার কাটে ছিনতাইকারীরা।
প্রথমবার মুঠোফোন ছিনতাইয়ের মাস খানেকের মধ্যে একই জায়গা থেকে একই কায়দায় আবারও মুঠোফোন ছিনতাই হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কামরুন নাহারের। তিনি প্রথম আলোকে বলেন, ‘গাড়ি থামতেই এমনভাবে ওরা লাফ দিয়ে পেছনে ওঠে, টের পাওয়া যায় না। হুড কাটার সময়ে কোনো আওয়াজ হয় না। কয়েক সেকেন্ডের মধ্যে টান দিয়ে নিয়ে যায়।’ অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, এফডিসি গেট, সাতরাস্তা মোড়, সার্ক ফোয়ারা, বাংলামোটর, ফার্মগেট পার্ক, পান্থপথ সিগন্যাল, কারওয়ান বাজার থেকে বিজয় সরণির রাস্তা, মহাখালী, চেয়ারম্যান বাড়ি ও কাকলী মোড়ে এ ধরনের ছিনতাই হয় বেশি।
এমন হুড কেটে ছিনতাইয়ের ফলে অনেক সময় অটোরিকশাচালকদের বিপদে পড়তে হয়। যাত্রীরা ওই ছিনতাইকারীদের সঙ্গে চালকদের যোগাযোগ আছে বলে সন্দেহ করেন। যাত্রাবাড়ী এলাকার অটোরিকশাচালক মো. খালেদ বলেন, ‘সোনারগাঁও হোটেলের সামনের যানজটে হুড কাটে। যাত্রীর মোবাইল নিয়া পালায় যায়। কিন্তু দুই যাত্রী আমারে চড় মারে।’ দেখা যায়, অনেক অটোরিকশায় যাত্রীর বসার আসনের ছাদে লোহার নেট লাগানো। অটোরিকশাচালকেরা বলেন, কিছুদিন ধরে এ ধরনের হুড কেটে ছিনতাই বাড়ায় বাধ্য হয়ে প্লাস্টিকের হুডের নিচে পাতলা লোহার নেট লাগাচ্ছেন অটোরিকশার মালিকেরা। ফলে হুড কাটলেও হাত গলিয়ে কিছু টান দিতে পারবে না ছিনতাইকারীরা।
ঢাকা মহানগর সিএনজিচালিত অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, অটোরিকশা থেকে মাঝেমধ্যেই যাত্রীদের মালামাল ছিনতাই হচ্ছে। আবার কিছু ছিনতাই হলেই চালকদের হয়রানি করা হয়। যাত্রী নিরাপত্তা বাড়াতে এবং চালকদের হয়রানি কমাতে সব অটোরিকশার হুডের নিচে পাতলা লোহার নেট লাগানো হচ্ছে।
গত বছরের ২১ অক্টোবর মহাখালী উড়ালসড়কের নিচ থেকে সিএনজিচালিত অটোরিকশার হুড কেটে ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছিল র্যা ব। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের অজ্ঞাতসারে টান দিয়ে জিনিসপত্র নিয়ে যাওয়ার কয়েকটি ঘটনা আমাদের কাছে এসেছে। গাড়ির পেছনে ওঠার ব্যাপার থাকে বলে অপেক্ষাকৃত কিশোর বয়সীদের এই কাজে ব্যবহার করা হচ্ছে। এই অপরাধীদের আইনের আওতায় চেষ্টা করা হচ্ছে।’