অটোরিকশার ধাক্কায় ছাত্রী আহত, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল শনিবার রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শহরের মাটিডালি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী আহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী শনিবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা বগুড়া-রংপুর (সাতমাথা-মাটিডালি) সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা বিদ্যালয়ের সামনে গতিরোধক নির্মাণের দাবি জানান।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বেলা একটার দিকে মাটিডালি উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিল সপ্তম শ্রেণির ছাত্রী মোহনা আখতার। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহরের একটি ক্লিনিকে পাঠায়।
এ ঘটনার প্রতিবাদে মাটিডালি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীরা সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে অবরোধ সৃষ্টি করে। বেলা আড়াইটা পর্যন্ত চলে এ অবরোধ। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম এবং সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেন।