চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়া আজ কার্যকর হচ্ছে না। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ায় আজকের পরিবর্তে আগামী ১ জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে।
জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের মালিক সংগঠনগুলো আমার কাছে দুই মাস সময় চেয়েছে। আমি তাদের সময় দিয়েছি, যাতে আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে চট্টগ্রাম নগরে পুরোদমে মিটারে অটোরিকশা চলাচল কার্যকর করা যায়।’
সময় দেওয়ার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, চট্টগ্রামে পাঁচটি কোম্পানি মিটার সংযোজনের দায়িত্বে ছিল। অটোরিকশার পুরোনো মিটার মেরামত ও কেলিব্রেশন (দূরত্ব অনুযায়ী মিটারে নতুন ভাড়ার হার সমন্বয়) করতে সময় লাগছে। প্রয়োজনে ঢাকা থেকে যন্ত্রপাতি পাঠিয়ে মিটার মেরামত ও কেলিব্রেশন করা হবে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ঠিক করা হয়েছে ৪০ টাকা, যা আগে ২৫ টাকা ছিল। একইভাবে চালকদের জন্য দৈনিক জমার পরিমাণও বেড়েছে। মালিকের জমা বাবদ এখন প্রতিদিন সর্বোচ্চ ৯০০ টাকা করে দিতে হবে চালককে, আগে ছিল ৬০০ টাকা।
এর আগে ২০১১ সালে সরকার ঢাকা ও চট্টগ্রাম নগরের জন্য অটোরিকশার কিলোমিটারপ্রতি যে ভাড়া এবং মালিকদের দৈনিক জমার পরিমাণ ঠিক করে দিয়েছিল, তা কখনোই কার্যকর করা যায়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম ফোর স্ট্রোক সিএনজি-থ্রি হুইলার সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, এক মাস সময় দিয়ে চট্টগ্রাম নগরে ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশায় মিটার মেরামত বা কেলিব্রেশন সম্ভব নয়। পাঁচটি কোম্পানি মিটার সংযোজন ও মেরামত করার দায়িত্ব পেয়েছে। এর মধ্যে দুটি কোম্পানির কার্যালয় চট্টগ্রামে আছে। ফলে সব অটোরিকশায় মিটার সংযোজন ও মেরামতের কাজ শেষ করতে সময় দরকার। সে কারণে মালিকেরা আরও দুই মাস সময় বাড়িয়ে নিয়েছেন।
মিটার সংযোজনকারী প্রতিষ্ঠান এস কে ট্রেডার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে প্রায় চার হাজার অটোরিকশায় মিটার সংযোজন করেছি আমরা। আমাদের পর্যাপ্ত প্রস্তুতিও ছিল। কিন্তু মালিকপক্ষ দুই মাস সময় চাওয়ায় চট্টগ্রামে মিটার মেরামত ও কেলিব্রেশনের কাজ পিছিয়ে গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান প্রথম আলোকে বলেন, আগামী ১ জানুয়ারি থেকে অটোরিকশায় মিটারে যাত্রী পরিবহন বাধ্যতামূলক করা হবে।