অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের ষোলোশহর ২ নম্বর গেট এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। আজ শুক্রবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দুজনেরই শরীরের শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহত চালকের পরিচয় জানা যায়নি। অগ্নিদগ্ধ দুই যাত্রী সম্পর্কে বাবা-ছেলে। তাঁদের নাম মো. আবদুল আমিন (৫০) ও মো. আবদুর রহিম (২৫)। তাঁদের বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায়। মো. আবদুর রহিম আনসার সদস্য।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) খোন্দকার মো. আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, ষোলোশহর এলাকায় বেবি সুপার মার্কেটের সামনে চলন্ত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশাটিতে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুনে পুড়ে চালক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন সিএনজির দুজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আজ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, সারা শরীরে ব্যান্ডেজ মোড়ানো অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন আহত বাবা-ছেলে। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক দিদারুল আলম জানান, আহত দুজনের শরীরের শতভাগ পুড়ে গেছে। তাঁদের অবস্থা খুবই আশঙ্কাজনক।
পুড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটি (চট্ট মেট্রো-থ, ১১৪৬০৫) থানায় নেওয়া হয়েছে। এর মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। মালিককে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।