অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে বাবা ও ছেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুলে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে উত্তর ইব্রাহিমপুরের বড়বাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন মহসীন মিজি (৪২) ও তাঁর ছেলে মিরাজ আহমেদ (১১)। তাঁরা উত্তর ইব্রাহিমপুর এলাকায় থাকেন। মিরাজ স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। মহসীনের শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং মিরাজের শরীরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম হোসেন প্রথম আলোকে বলেন, বড়বাড়ি রোডের ফুটপাতে মহসীনের একটি চায়ের দোকান রয়েছে। এর সামনে সিএনজিচালিত অটোরিকশাটি পার্ক করা ছিল। এ সময় সেটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তাঁরা দগ্ধ হন। কীভাবে এটি বিস্ফোরিত হয়েছে তা কেউ বলতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে নির্গত গ্যাস আগুনের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। এ সময় আশপাশের মানুষ আগুন নিভিয়ে ফেলে।