অটোরিকশায় ওড়না পেঁচিয়ে আহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে দিবা আক্তার নামের এক স্কুলছাত্রী আহত হয়েছে। গতকাল রোববার প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) কেন্দ্রে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর সে পরীক্ষা দেয়।
দিবা উপজেলার চর বরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে।
ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে গতকাল সকাল ১০টার দিকে বাড়ি থেকে দিবাসহ কয়েক শিক্ষার্থী অটোরিকশায় করে রওনা হয়। হাউলি কেউটিল রেলক্রসিং এলাকায় গতিরোধকের সামনে দিবার ওড়নার এক প্রান্ত চাকার সঙ্গে আটকে যায়। ওড়নার অন্য প্রান্ত তার গলায় পেঁচিয়ে যায়। এতে সে অটোরিকশা থেকে ছিটকে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে সে পরীক্ষাকেন্দ্রে যায়।
পরীক্ষাকেন্দ্রে দিয়ে দেখা যায়, গলায় ক্ষত নিয়ে দিবা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষে সে জানায়, বসে থাকতে কষ্ট হয়েছে।
কেন্দ্রসচিব ও চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জেনেছি, দিবা অল্পের জন্য রক্ষা পেয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কেন্দ্রে আনা হয়েছে। তার দিকে সব সময় নজর রেখেছি।’