অটোরিকশায় গাছ পড়ে যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত গাড়ির ওপর গাছ পড়ে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গত মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাকার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের বরইতল নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একটি সংঘবদ্ধ দল গাছ কেটে চুরি করছিল। ওই গাছ সড়কের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম এমরান আহমদ (২৮)। তিনি ফেঞ্চুগঞ্জের বাসিন্দা। খবর পেয়ে রাতেই মোগলাবাজার থানার একদল পুলিশ তাঁর লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে সড়কের পাশের গাছ কাটছিল সংঘবদ্ধ একটি চোরের দল। এ সময় ওই সড়ক দিয়ে একটি অটোরিকশা ও একটি প্রাইভেট কার যাচ্ছিল। একপর্যায়ে কাটা গাছ চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে একজন নিহত ও পাঁচজন আহত হন। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী। মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, সড়কের পাশের গাছ চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।