অটোরিকশায় নৈরাজ্য বন্ধে যাত্রী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশার চালক-মালিকের নৈরাজ্য ও দৌরাত্ম্য থেকে যাত্রীদের রক্ষার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি৷ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক যাত্রী সমাবেশে এ দাবি জানানো হয়৷
সমাবেশে বক্তারা মিটার অনুযায়ী অটোরিকশার চলাচল নিশ্চিত করা, যাত্রীদের পছন্দমতো যেকোনো গন্তব্যে যেতে বাধ্য করা ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানান৷
বক্তারা বলেন, মেয়াদ পেরিয়ে যাওয়ার ফলে অটোরিকশার মালিকেরা এখন বিনা পুঁজিতে রমরমা বাণিজ্য করে যাচ্ছেন৷ এ অবস্থায় অটোরিকশার বয়স বৃদ্ধি না করে নতুন অটোরিকশা নামানো এবং পুরোনো অটোরিকশার স্থলে নতুন অটোরিকশা প্রতিস্থাপনের সুযোগ দেওয়ার দাবি জানান তাঁরা৷
যাত্রী কল্যাণ সমিতির সভাপতি শরীফ রফিকুজ্জামান ও মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ছাড়াও সমাবেশে বক্তৃতা করেন আজিজুল হক চৌধুরী, আনোয়ার হোসেন, প্রবীর সাহা, আজিজুল হক প্রমুখ৷