অটো মেরামতের সময় আগুন, বাবা মেয়েসহ দগ্ধ ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের সামনে গতকাল বুধবার দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশা মেরামতের সময় আগুন ধরে বাবা-মেয়েসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন চা দোকানি মোহাম্মদ আসিফ, তাঁর মেয়ে রোশনী সুমি (৯), অটোরিকশা মেরামতকারী মোস্তফা আশরাফি (৪০) ও হেলালউদ্দিন (৪২)। রোশনী মোহাম্মদপুরে তাজমহল রোডের একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ে।
সুমির মা লায়লা বেগম জানান, জেনেভা ক্যাম্পের সামনের ফুটপাতে তাঁর স্বামীর চায়ের দোকান। একটার দিকে সুমি তার বাবার দোকানে চা আনতে যায়। তখন দোকানের সামনে একটি অটোরিকশা মেরামত করা হচ্ছিল। হঠাৎ তাতে আগুন ধরে যায়। এতে তাঁর স্বামী আসিফ ও মেয়ে সুমির শরীর ঝলসে যায়।