অটো রাইস মিলের বর্জ্যে দূষিত হচ্ছে ব্রহ্মপুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের এস কে এফ অটো রাইস মিলের বর্জ্য পরিশোধন ছাড়াই ব্রহ্মপুত্র নদে পড়ছে। এতে দূষিত হচ্ছে নদের পানি। স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক বছর আগেও নদের পানি দিয়ে তাঁরা গোসল ও গৃহস্থালির কাজ করতেন। দূষণ ও দুর্গন্ধের কারণে এখন নদের পানি ব্যবহার করা যায় না।
পৌর শহরের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। বর্ষায় পানি বেশি থাকলেও শুকনো মৌসুমে নদ মরা গাঙে পরিণত হয়। এক পাশে চর জেগে উঠলেও পালপাড়া এলাকার অংশে সব সময় পানি থাকে। প্রায় দুই বছর আগে পালপাড়া এলাকায় এ কে এম শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী এস কে এফ অটো রাইস মিল স্থাপন করেন। শফিকুলের বাড়ি শহরের মুসলিমাবাদ এলাকায়। ব্রহ্মপুত্র নদ থেকে মিলটির দূরত্ব প্রায় আধা কিলোমিটার।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মিলের সামনে দিয়ে পৌরসভার একটি নর্দমা রয়েছে। মিলের পানি ও বর্জ্য ওই নর্দমা দিয়ে ব্রহ্মপুত্র নদে যাচ্ছে। পানির রং কালো এবং এর ওপর কালো বর্জ্য ভাসছে। নর্দমাটি নদের যে স্থানে যুক্ত হয়েছে, সেখানকার আশপাশের পানির রংও কালো হয়ে যাচ্ছে। এ ছাড়া নদের পানিতে স্থানীয় লোকজনের ফেলা ময়লা-আবর্জনা ভাসছে। অনেক বাসাবাড়ির পানিনিষ্কাশনের লাইনও নদের সঙ্গে যুক্ত।
পালপাড়া এলাকার বাসিন্দা আক্কাছ আলী বলেন, ‘২০ বছর ধরে এ এলাকায় বসবাস করছি। আগে নদের পানিতে গোসল করতাম। মাঝে মাঝে মাছও ধরতাম। এখন আর কিছুই করা যায় না। মাছ তো দূরের কথা, একটি ব্যাঙও খুঁজে পাওয়া যাবে না।
একই এলাকার মুহাম্মদ নবী বলেন, ‘নদের সবচেয়ে বেশি ক্ষতি করছে মিলের পানি। প্রায় ২৪ ঘণ্টা ওই মিলের দূষিত পানি নদে মিশছে। দুই মাস আগে অসংখ্য মাছ মরে নদে ভেসে উঠেছিল। আমরা কয়েকজন মিলের মালিককে বিষয়টি জানিয়েছিলাম। তিনি বললেন, “মাছ মরলে তুমাদের কী?” তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। এখন আর নদে নামি না।
মিলের মালিক শফিকুল ইসলাম বলেন, ‘মিলের পানি নদে নামলে কী সমস্যা? অনেক পানিই তো নদে নামছে। মিলের পানিতে কোনো সমস্যা নেই। তবে অনেক সময় পানির সঙ্গে কালো ছাই চলে যায়। সেই ছাই যাতে না যায়, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম বলেন, ওই মিলের দূষিত পানি ও বর্জ্যের কারণে নদটি দূষণের কবলে পড়েছে—এমন অভিযোগ পাওয়া গেছে। ওই মিল কর্তৃপক্ষ যাতে পৌরসভার ড্রেন দিয়ে পানি নদে নামতে না পারে, সে জন্য দ্রুত সময়ের মধ্যে ড্রেনটি বন্ধ করে দেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইউসুফ আলী বলেন, ‘প্রত্যেক শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা তাদের নিজস্ব গণ্ডির মধ্যেই থাকতে হবে। বর্জ্য ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না। অটো রাইস মিলের ক্ষেত্রে গরম পানি, ছাই ও ময়লা প্রতিষ্ঠানটির চত্বরে নিজস্ব পুকুর বা গর্ত করে রাখতে হবে। এর ব্যতিক্রম হলে পরিবেশ অধিদপ্তরের একটি দল ওই এলাকায় সরেজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেবে।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, প্রথমে প্রশাসনের পক্ষ থেকে ওই মিলের মালিককে সতর্ক করা হবে। তারপরও নদে দূষিত পানি ফেলা বন্ধ না করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রহ্মপুত্র নদকে দূষণের কবল থেকে রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।