অটোচালকদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা আদায় বন্ধ হওয়ায় জামালপুরের তিনটি সড়কে গতকাল বুধবার সিএনজিচালিত অটোরিকশার চালকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল সকালে সরিষাবাড়ী উপজেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

উপজেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী থেকে জামালপুর জেলা শহরে যাওয়ার পথে জামালপুর জেলা সিএনজি অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নামে সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছিল। চাঁদা আদায় বন্ধ করার দাবিতে গত মঙ্গলবার সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা যাত্রী পরিবহন বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাত থেকে চাঁদা আদায় বন্ধ করে দেওয়া হয়।

সিএনজিচালিত অটোরিকশার চালক সবুজ মিয়া বলেন, ‘সরিষাবাড়ী-জামালপুর সড়কে চাঁদা নেওয়া বন্ধ হওয়ায় ফের গতকাল সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী পরিবহন শুরু করেছি।’