অটোচালকের সততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আলম
মো. আলম

রাতের বেলায় সড়কের পাশে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আলম। গাড়ি থেকে নেমে মানিব্যাগটি কুড়িয়ে নেন তিনি। দেখেন মানিব্যাগে টাকাভর্তি। সঙ্গে ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি ক্রেডিট কার্ডও ছিল। কিন্তু মানিব্যাগের মালিককে খুঁজে পাচ্ছিলেন না তিনি।

বৃহস্পতিবার সকালে অটোচালক কার্ডসহ ব্যাগটি ডাচ্‌-বাংলা ব্যাংকের স্থানীয় এজেন্ট শাখায় নিয়ে গেলে মালিকের সন্ধান মেলে। পরে মানিব্যাগটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলায়। অটোচালক মো. আলমের বাড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালীনগর গ্রামে।

অটোচালক আলম বলেন, ‘মানিব্যাগে টেকা (টাকা) ভরা আছিল। লগে (সঙ্গে) কার্ডও। কারও পকেট থাকি পড়ি গেছে ভাবছি। টাউনে (উপজেলা সদর) আইয়া মালিকরে অনেক খোঁজাখুঁজি করি পাইছিলাম না। ব্যাংকের মাধ্যমে মালিকের পরিচয় পাইছি। পরে মালিক আইয়া জিনিস বুঝিয়া নিয়া গেছইন। এইটাতেই আমি খুশি।’

মানিব্যাগের মালিক বড়লেখা উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের বাসিন্দা জোবায়ের আহমদ। তিনি বলেন, ‘বুধবার বিকেলে জুড়ীর কচুরগুল এলাকায় এক আত্মীয়বাড়ি থেকে বেড়িয়ে ফেরার পথে মানিব্যাগটি হারিয়ে ফেলি। আমি তো আশাই ছাড়ি দিছিলাম। একজন ড্রাইভার (আলম) বড় সততার পরিচয় দিছেন। মানিব্যাগ যেভাবে ছিল, এইভাবেই পাইছি। এখনো আমরার সমাজে ভালা মানুষ আছেন—সিএনজির ড্রাইভার ভাই এইটার প্রমাণ।’