অটোবাইক মালিক-চালকদের সাভার পৌর ভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে অটোবাইক মালিক ও চালকেরা গতকাল রোববার পৌর ভবন ঘেরাও করে চাঁদাবাজির প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা চাঁদাবাজি বন্ধে পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।অটোবাইক মালিক ও চালকেরা অভিযোগ করেন, এক বছর ধরে কতিপয় ব্যক্তি পৌরসভার নামে অটোবাইক থেকে চাঁদা আদায় করছেন। পৌরসভার নামে ছাপানো রসিদ দিয়ে প্রতিটি অটোবাইক থেকে এই চাঁদা আদায় করা হচ্ছে। সাভার সিটি সেন্টারের সামনে থেকে অটোবাইকপ্রতি ৩০ টাকা, বাসস্ট্যান্ড ওভারব্রিজের নিচে ২০ টাকা, সাভার বাজার রাস্তার মোড়ে ২০ টাকা, নিউমার্কেটের সামনে ৩০ টাকা এবং সাভার নামাবাজার স্ট্যান্ডে ২০ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে। এভাবে ৪০০ অটোবাইক থেকে প্রতিদিন গড়ে অন্তত ১০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে প্রায় ৩০০ মালিক ও চালক তাঁদের অটোবাইক নিয়ে গতকাল সকাল ১০টার দিকে পৌর ভবনে যান। তাঁরা অটোবাইক দিয়ে পৌর ভবন ঘেরাও করে রেখে মেয়র মো. রেফাত উল্লাহর সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা (অটোবাইক চালক ও মালিক) চাঁদা আদায়ের বিষয়টি মেয়রকে অবহিত করেন। প্রমাণ হিসেবে পৌরসভার নামে ছাপানো চাঁদা আদায়ের রসিদও তুলে দেন মেয়রের হাতে। মেয়র পৌরসভার পক্ষ থেকে চাঁদা আদায়ের কথা অস্বীকার করে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে তাঁদের বিদায় করেন। দুপুর সাড়ে ১২টার মধ্যে তাঁরা পৌর ভবন চত্বর থেকে চলে যান। অটোবাইক মালিক আলতাফ হোসেন, চালক বিপ্লব শিকদার, আল-আমিন, মো. সুলতানসহ অনেকে অভিযোগ করেন, কোনো চালক বা মালিক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে চাঁদা আদায়কারীরা তাদের বাইকের চাবি নিয়ে নেন। এর প্রতিবাদ করলেই তাঁদের গালাগাল অথবা মারধর করা হয়। গতকাল দুপুরে সিটি সেন্টারের সামনে অটোবাইক থেকে চাঁদা নেওয়ার সময় একজন চাঁদা আদায়কারীর কাছে চাঁদা নেওয়ার কোনো বৈধ অনুমতি আছে কি না জানতে চাইলে প্রথমেই তিনি এই প্রতিবেদকের পরিচয় জানতে চান। সাংবাদিক পরিচয় দিলে চাঁদা আদায়কারী পৌরসভার নামে ছাপানো একটি রসিদ দেখিয়ে বলেন, ‘পৌরসভা থেকে ইজারা নিয়েই আমরা রসিদ দিয়ে চাঁদা আদায় করছি।’ এ প্রসঙ্গে পৌরসভার মেয়র রেফাত উল্লাহ বলেন, বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার ভেতরে সওজ ও পৌরসভার মালিকানাধীন কোনো সড়ক ইজারা দেওয়া হয়নি। এর পরও কোনো ব্যক্তি রসিদ দিয়ে চাঁদা আদায় করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করার পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।