অটোবাইকের চাকায় চাদর পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামে ব্যাটারিচালিত অটোবাইকের চাকায় চাদর পেঁচিয়ে সাদিয়া বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া তিন সন্তানের জননী। পরিবারের সঙ্গে নেছারাবাদ উপজেলার চিনাবুনিয়া গ্রামে থাকতেন তিনি।
পুলিশ সূত্র জানায়, সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে সাদিয়া অটোবাইকে চড়ে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে গায়ের চাদর অটোবাইকের চাকায় পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে তিনি অটোবাইক থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুমুর রহমান বিশ্বাস সাংবাদিকদের বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।