চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন তাদের আট দফা দাবি মেনে নিতে ২৮ নভেম্বর পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ২৯ নভেম্বর বৃহত্তর চট্টগ্রামে ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। আট দফা দাবির মধ্যে রয়েছে চট্টগ্রাম নগরসহ বৃহত্তর চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৬০০ টাকা নির্ধারণ, চার হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়া, নগরে গাড়ি পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা, সহজ শর্তে চালকদের লাইসেন্স দেওয়া ও পুলিশি হয়রানি বন্ধ করা।
গতকাল বুধবার সকালে নগরের বহদ্দারহাট মোড়ে চট্টগ্রাম অটোরিকশা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।