অটোরিকশা আর টাকা দুটোই হারালেন এহতেশামুল
প্রথমে ছিনতাই হলো সিএনজিচালিত অটোরিকশা। সেটি ফিরে পেতে ওই চক্রের কথামতো ঢাকায় পাঠালেন ৫০ হাজার টাকা। কিন্তু পাঁচ সপ্তাহ পরও অটোরিকশাটি ফিরে পাননি এর মালিক মো. এহতেশামুল হক ওরফে তানভীর। তিনি চট্টগ্রাম নগরের একটি দোকানে চাকরি করেন। অটোরিকশা ও টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।জানা গেছে, গত ২৬ জুলাই দুপুরে চট্টগ্রাম কলেজের সামনে থেকে যাত্রীবেশী দুর্বৃত্তরা এহতেশামুলের অটোরিকশাটি ছিনতাই করে। ওই দিনই অজ্ঞাত স্থান থেকে এক ব্যক্তি তাঁর মুঠোফোনে ফোন করে জানায়, ঢাকায় রাতের মধ্যে ৫০ হাজার টাকা পাঠানো হলে অটোরিকশাটি ফেরত দেওয়া হবে। তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে কুরিয়ারের মাধ্যমে ঢাকায় ৫০ হাজার টাকা পাঠান। টাকা পাঠাতে খরচ হয় ৪৫০ টাকা। কিন্তু এখনো অটোরিকশাটি ফেরত দেওয়া হয়নি। বরং আরও টাকা দাবি করা হচ্ছে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনি কোতোয়ালি থানায় মামলাও করেন।এহতেশামুল জানান, এত দিনের সঞ্চয় এবং ঋণ নিয়ে তিনি অটোরিকশাটি কিনেছিলেন। সেটি প্রতিদিন ভাড়া দিয়ে পাওয়া টাকায় ঋণ পরিশোধ ছাড়াও সংসারের প্রয়োজনে খরচ করতেন। এখন তা বন্ধ। এর ওপর অটোরিকশা ফেরত পেতে ঋণ করে টাকা দিয়েছেন।এহতেশামুল বলেন, ‘আমার অটোরিকশা ছিনতাই করা ব্যক্তিরা ফোন করে আবার টাকা চাইছে। আসলে আমি এখন নিঃস্ব। অটোরিকশা ফেরত চাইলে তারা ‘দিচ্ছি, দেব’—এসব বলে পাশ কাটিয়ে যায়। তাদের মুঠোফোন আজও (গতকাল বৃহস্পতিবার) খোলা আছে। অথচ তাদের কেউ ধরা পড়ছে না। আমি সামান্য চাকরিজীবী হয়ে এখন ঋণের বোঝা টেনে যাচ্ছি।’কোতোয়ালি থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের থানায় অনেক মামলা ও জিডি হয়। সব মামলার তদন্ত করতে হচ্ছে। ভুক্তভোগী ব্যক্তির উচিত সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখা। আমার সঙ্গে যোগাযোগ করলেও আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আক্তার জানান, চট্টগ্রামের অটোরিকশা চোরচক্রের অন্যতম হোতা হারুন মল্লিক। এহতেশামুলের অটোরিকশাও হারুনের লোকজন চুরি করে থাকতে পারে। তিনি বলেন, ‘হারুন মল্লিককে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করছি। সে আসলে চট্টগ্রামে অটোরিকশা মালিকদের কষ্ট দিচ্ছে। আমাদেরও কষ্ট বাড়িয়ে দিয়েছে। তার দলের ছয়জন সদস্যের মধ্যে সোহাগ গ্রেপ্তার হয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।’