অটোরিকশা-ইজিবাইক উধাও মানুষের চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার বগুড়া শহরের চিত্র ছিল অন্য রকম। ছিল না নিত্যদিনের যানজট, রাস্তাঘাট ছিল ফাঁকা। অন্য দিন যেখানে কয়েক হাজার সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক থাকত, সেখানে সকাল থেকেই রাস্তাঘাট ছিল ইজিবাইক-রিকশাশূন্য। দুপুর পর্যন্ত শহরে কিছু অটোরিকশা চললেও দুপুরের পর হঠাৎ তা উধাও হয়ে যায়। হঠাৎ শহরের চিত্র বদলে যাওয়ায় ছুটির দিনে দুর্ভোগে পড়তে হয় মানুষদের।
হঠাৎ করে অটোরিকশা-ইজিবাইক উধাওয়ের কারণ অনুসন্ধানে জানা যায়, জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গতকাল আইজিপি এ কে এম শহীদুল হক বগুড়ায় আসেন। পুলিশপ্রধানের আগমনকে কেন্দ্র করে বগুড়া সার্কিট হাউস থেকে পুলিশ লাইনস মাঠ পর্যন্ত সড়ক যানজটমুক্ত ও ফাঁকা রাখার সিদ্ধান্ত হয়। এ জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সাতমাথা-শেরপুর সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হয়। অন্যদিকে দুপুরের পর থেকে একই সড়কে অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচলও বন্ধ করা হয়।
বেলা তিনটায় এ কে এম শহীদুল হক জেলা পুলিশের নির্ধারিত অনুষ্ঠানস্থলে যোগ দেন। কিন্তু এর কয়েক ঘণ্টা আগে থেকেই শেরপুর সড়কের চিত্র ছিল ফাঁকা। বিকেল চারটার দিকে শেরপুর সড়কের পুলিশ লাইনস ফটক থেকে সাতমাথা পর্যন্ত ছিল না কোনো অটোরিকশা ও ইজিবাইক। ছুটির দিন হওয়ায় শহরের পথঘাটে মানুষের আনাগোনা বেশি ছিল। সড়কে অটোরিকশা-ইজিবাইক সংকটে পথে পথে দুর্ভোগ-ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। যাতায়াতে রিকশা ভরসা হয়ে উঠলেও অন্য দিনের চেয়ে দ্বিগুণ থেকে চারগুণ ভাড়া চেয়ে বসেন চালকেরা।
শেরপুর সড়কে সাতানীবাড়ি মোড়ে মুদিখানার মালামাল নিয়ে সিএনজিচালিত অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন ধুনটের গোসাইবাড়ি এলাকার ব্যবসায়ী আবদুল মজিদ। তিনি বলেন, ‘হঠাৎ করে অটোরিকশা-ইজিবাইক সব উধাও। কীভাবে যাব বুঝতে পারছি না।’ শহরের শেরপুর সড়কের ইজিবাইক মালিক সংগঠনের নেতা ও শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, পুলিশের পক্ষ থেকে শেরপুর সড়কে তিন দিন ধরে ইজিবাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বগুড়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক বিকর্ণ চৌধুরী বলেন, ‘আইজিপি স্যারের বগুড়ায় শুভাগমন উপলক্ষে সাতমাথা-শেরপুর সড়ক যানজটমুক্ত রাখতে ইজিবাইক চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অটোরিকশার চলাচলও গতকাল কয়েক ঘণ্টার জন্য সীমিত করা হয়।’