অটোরিকশা ও নসিমনে পাবনায় বাড়ছে যানজট
যানজটের কারণে পাবনা শহরের মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে। ব্যাটারিচালিত অটোরিকশা, শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নসিমন-করিমনের সংখ্যা বাড়ায় ও ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে সড়কের জায়গা কমে গেছে। এ কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ ও নসিমন-করিমন বন্ধের দাবিতে জেলা রিকশা মালিক ও শ্রমিক সমিতি মঙ্গলবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। একই দিন তারা এ দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে। পাবনা পৌরসভা সূত্রে জানা গেছে, পাবনা জেলা শহরের আয়তন ১৮ দশমিক ৬৪ বর্গকিলোমিটার। পাবনা সদর থানা থেকে ঈন্দারা মোড় ও নিউমার্কেট হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এক কিলোমিটার সড়ক নিয়েই পাবনা শহর। এ শহরে পৌরসভার লাইসেন্সধারী রিকশা রয়েছে প্রায় আট হাজার। এখানে লাইসেন্স নেই এমন রিকশার সংখ্যা প্রায় পাঁচ হাজার। বাইসাইকেল, মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ব্যক্তিগত পরিবহন রয়েছে আরও প্রায় সাড়ে আট হাজার। তিন বছর আগে এত বিপুলসংখ্যক যানবাহনের কারণে শহরে যানজটের সৃষ্টি হয়েছিল। গত এক বছরে শহরে নতুন করে আড়াই হাজার ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা যোগ হয়েছে। পৌরসভা সূত্রে আরও জানা গেছে, কয়েকবার দখলমুক্ত করার পরও পাবনা শহরের প্রধান সড়কের ফুটপাত পুনরায় দখল হয়ে গেছে। এখানে ভাসমান দোকান বসিয়ে লোকজন ব্যবসা করছে। নতুন করে অটোরিকশা যোগ হওয়ায় ও ফুটপাত দখল করায় শহরের যানজট আরও বেড়ে গেছে। জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান বলেন, সমস্যাটি দীর্ঘদিনের। এই সমস্যা এক দিনে সমাধান হবে না। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। রিকশা শ্রমিক সমিতির সভাপতি মো. সোরহাব হোসেন বলেন, ‘পৌরসভাসহ সবাই আমাদের সঙ্গে বৈষম্য করে। আমরা লাইসেন্স ছাড়া রিকশা নিয়ে সড়কে নামলে পৌর কর্তৃপক্ষ রিকশার আসন খুলে নিয়ে যায়। কিন্তু ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধ নসিমন-করিমনচালকদের কেউ কিছু বলে না।’ পৌরসভার মেয়র কামরুল হাসান জানান, পৌরসভা একা ফুটপাত ও অটোরিকশার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারবে না। জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পুলিশসহ সংশ্লিষ্ট সব বিভাগকে এগিয়ে আসতে হবে। পাবনা সদর থানার ওসি এ এইচ এনায়েত উদিন জানান, অটোরিকশা, নসিমনচালক ও ফুটপাতের দোকানদারদের কাছ থেকে মাসোয়ারা নেন না।