অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গতকাল সোমবার দুপুরে অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। পরে উত্তেজিত এলাকাবাসী যাত্রীবাহী বাসটি ভাঙচুর করে। নিহত ব্যক্তিরা হলেন, কালিয়াকৈর উপজেলার গাছবাড়ী এলাকার মৃত ওসমান গনির ছেলে দলিললেখক মজিবুর রহমান (৬৫), তাঁর স্ত্রী রোকেয়া রহমান (৪৫), উপজেলার লতিফপুর এলাকার মৃত জনুর উদ্দিনের ছেলে পান বিক্রেতা আমির হোসেন (৪৫) ও অটোরিকশার চালক লতিফপুর এলাকার কফিল উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (৩০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিক নিয়ে সৃষ্টি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা চ-৩৭৩৩) সিরাজগঞ্জ যাচ্ছিল। বাসটি মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের পশ্চিম পাশে মীর টাওয়ারের সামনে পৌঁছালে কালিয়াকৈর থেকে একটি অটোরিকশার (ঢাকা মেট্রো দ ১৪-০২৯৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। ঘটনার পরপর বাসের চালক বাসটি ফেলে দৌড়ে পালিয়ে যান। এ সময় আশপাশের জনতা উত্তেজিত হয়ে বাসটি ভাঙচুর করে। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ, কোনাবাড়ী হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়। লতিফপুর এলাকার দলিললেখক আবু সাঈদ জানান, ঈদ উপলক্ষে মজিবুর রহমান তাঁর স্ত্রীকে নিয়ে লতিফপুর এলাকা থেকে গ্রামের বাড়ি একই উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী এলাকায় যাবেন। তাই তিনি ওই এলাকার ওয়াজ উদ্দিনের অটোরিকশাটি রিজার্ভ করেন। চালক ওয়াজ উদ্দিনকে ফেরার সময় একা আসতে হবে তাই তিনি লতিফপুর এলাকার পান বিক্রেতা আমির হোসেনকে সঙ্গে নিয়ে যান। নিন্তু তাঁদের আর কাউকেই ফিরে আসতে হলো না।