অটোরিকশা খালে, দম্পতিসহ তিন স্বজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা খালে পড়ে গিয়ে এর তিন যাত্রী নিহত হয়েছেন। এঁরা হচ্ছেন মো. জয়নাল আবেদিন ভূঁইয়া (৪৫), তাঁর স্ত্রী ইয়াসমিন (৩০) ও জয়নালের ভাইয়ের মেয়ে সামিরা (১১)। সবার বাড়ি আখাউড়ার মনিয়ন্ধ ইউনিয়নের তুলাইশিমুল গ্রামে।
ঈদ করতে কয়েক দিন আগেই দেশে এসেছেন সৌদিপ্রবাসী জয়নাল।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া পৌর শহরের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়নালের বড় ভাই মো. শফিকুর রহমান বলেন, ১০ বছর ধরে সৌদি আরবে থাকলেও এবারই প্রথম তার ছোট ভাই পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে আসেন। ইতালিপ্রবাসী ছোট ভাই সোলায়মান ভূঁইয়ার মেয়ে সামিরা ও স্ত্রীকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, স্থানীয় লোকজনই লাশ তিনটি উদ্ধার করেছেন। তবে সেগুলো এখন পুলিশের হেফাজতে আছে। এ নিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অটোরিকশাটি আখাউড়া স্থলবন্দরের দিকে যাচ্ছিল। একটি সরু সেতুর ওপর দিয়ে বিপরীত দিক থেকে গাড়ি আসতে দেখে অটোরিকশাটি সড়কের পাশে থামে। এ সময় পেছনের দিক দিয়ে আসা একটি মাইক্রোবাস জোরে ধাক্কা দিলে সেটি সড়কের পাশে গভীর খালে পড়ে যায়। চালক বের হয়ে আসতে সক্ষম হলেও যাত্রীরা ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মাইক্রোবাসের চালক জিয়াদ মিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।