অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়কে ​সিএনজি অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালক ও মা​লিকেরা। ছবিটি রোববার সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তোলা।ছবি: প্রনঞ্জয় বৈদ্য অপু,বিশ্বনাথ (সিলেট)
মহাসড়কে ​সিএনজি অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালক ও মা​লিকেরা। ছবিটি রোববার সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তোলা।ছবি: প্রনঞ্জয় বৈদ্য অপু,বিশ্বনাথ (সিলেট)

মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ করার প্রতিবাদে আজ রোববার দেশের বিভিন্ন স্থানে কয়েকটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন অটোরিকশার মালিক ও চালকেরা। এতে ওই সব মহাসড়কে কিছু সময় ধরে যান চলাচল বন্ধ থাকে। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। 

গত ২৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘সড়কে নিরাপত্তা বিধানে আগামী ১ আগস্ট থেকে সারা দেশের জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।’ দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আজকের অবরোধ-বিক্ষোভ নিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট:
সকাল ছয়টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট ও অবস্থান কর্মসূচি শুরু করে সিলেট জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন। তারা মহাসড়ক-সড়ক এলাকার সাতটি স্থানে অবস্থান নিয়ে সমাবেশ করছেন। ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ সড়ক দিয়েও অটোরিকশা চলছে না। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সংগঠনের সভাপতি জাকারিয়া বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মহাসড়কে আলাদা লেন করার সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে।
বিশ্বনাথ (সিলেট) : রশিদপুরে সিলেট-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন অটোরিকশার মালিক, চালক ও শ্রমিকেরা। এদিকে আজ সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন উপজেলার ১০টি স্ট্যান্ডের অটোরিকশা চালকেরা।
নারায়ণগঞ্জ: বন্দরের মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধঘণ্টা অবরোধ করে বিক্ষোভ-মিছিল করেন অটোরিকশার চালক ও মালিকেরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নারায়ণগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি জামাল হোসেনের ভাষ্য, সরকারের সিদ্ধান্তের কারণে তাঁদের এখন পথে বসতে হবে। কারণ, মহাসড়ক ছাড়া নারায়ণগঞ্জের কোথাও অটোরিকশা চালানো যাবে না। ব্যাংক লোন নিয়ে ও কিস্তিতে তাঁরা গাড়ি কিনেছেন। কিন্তু সরকারের সিদ্ধান্তে ঋণের টাকা পরিশোধের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তিনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অটোরিকশার চালক ও মালিকেরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়।
ফেনী: অটোরিকশার মালিক ও চালকেরা সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল ১০টার দিকে মোহাম্মদ আলী বাজারে অটোরিকশার মালিক ও চালকেরা চার-পাঁচটি বাস ও ট্রাক ভাঙচুর করেন। এ সময় একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে সেটি মহাসড়কের ওপর আড়াআড়ি করে রেখে দেন তাঁরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দেয়। এ সময় পুলিশ ও অবরোধকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে রাখেন অটোরিকশা মালিক ও চালকেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলার গাজীপুর গ্রামের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন অটোরিকশার মালিক ও চালকেরা। সকাল ১০টায় অবরোধ শুরু হয়। চলে বেলা একটা পর্যন্ত। এতে মহাসড়কের দুই পাশে প্রায় নয় কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে। এ সময় পুলিশ অবরোধকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়। সংঘর্ষের সময় প্রায় ২০টি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
বেলা একটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস দেন। পরে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।
কুমিল্লার (উত্তর) সহকারী পুলিশ সুপার আলী আফতাফ ভূঁইয়া বলেন, অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।