অটোরিকশা চালক খুন দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে চালককে খুন করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। পাবনার চাটমোহর ও দিনাজপুরের পার্বতীপুরে দুই দিনে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে জেলার কামারখন্দ-সলপ-উল্লাপাড়া সড়কের উল্লাপাড়া উপজেলার বেতকান্দিতে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল জানান, সদর উপজেলার জারিলা গ্রামের মৃত সব্দের আলীর ছেলে আবদুল জলিল মঙ্গলবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে সদরের কড্ডা মোড় থেকে কয়েকজন যাত্রী নিয়ে কামারখন্দ-সলপ সড়কে দিয়ে রওনা হন। যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে একটি খালে লাশ ফেলে অটোরিকশাটি নিয়ে চলে যায়। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।চাটমোহর (পাবনা): চাটমোহর থানার পুলিশ মঙ্গলবার বিকেলে উপজেলার গৌড়নগর গ্রামের পাশের গুমানী নদী থেকে রেজাউল করিম (৩৫) নামের এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। নিহত রেজাউলের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সান্দ্রা গ্রামে। চাটমোহর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল পাঁচটায় নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রেজাউল চলনবিলের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।পার্বতীপুর (দিনাজপুর): গতকাল বুধবার সকালে রেললাইন থেকে রবিউল ইসলাম (২০) নামের এক রেল কর্মচারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। রবিউল সৈয়দপুর রেলওয়ে কারখানার একজন কর্মচারী। তিনি পার্বতীপুর শহরের বাবুপাড়া মহল্লার বাসিন্দা। পার্বতীপুর জিআরপি থানার এসআই হাবিবুল আলম জানান, সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এটি হত্যাকাণ্ড, না আত্মহত্যা, এ ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। এ ব্যাপারে পার্বতীপুর জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।