অটোরিকশার চালক-মালিকদের অবরোধ চলছে

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কয়েকটি জেলায় মহাসড়ক-সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করেছে সিএনজি অটোরিকশা, বেবিট্যাক্সি, টেম্পো চালক ও মালিকেরা। বিক্ষোভকারীদের সরাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ
বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মানববন্ধন করেন অটোরিকশা চালক ও মালিকেরা। পরে তাঁরা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে শুয়ে পড়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ লাঠিপেটা ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশের সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরে অটোরিকশা চালক ও মালিকেরা মহাসড়কের মৌচাক, শিমরাইল মোড় ও কাঁচপুরেও অবরোধ করেন। পুলিশ সেখান থেকেও তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দাউদকান্দি
সকাল ছয়টা থেকে অটোরিকশার চালক ও মালিকেরা দাউদকান্দির পেন্নাই গ্রামের কাছে অবরোধ করে রাখেন। পেন্নাই-মতলব সড়কের ওই এলাকায় তাঁরা অবরোধ করেন। অটোরিকশার চালক উপজেলার গোপালপুর গ্রামের জমির মিয়া বলেন, মহাসড়ক ছাড়া দাউদকান্দির কোথাও সিএনজি গ্যাস নেওয়া যাবে না। সিএনজি গ্যাসের জন্য মহাসড়কে উঠলে পুলিশের সদস্যরা অটোরিকশা আটকে এক থেকে ২০০ টাকা আদায় করছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। অটোরিকশা চালক কচুয়ার সাচার গ্রামের রমজান মিয়া বলেন, পুলিশ রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সিএনজি গ্যাস নেওয়ার জন্য সুযোগ দেয়। রাতে সিএনজি গ্যাস নিতে এলে অটোরিকশা ছিনতাই বা প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়েদুল আলম বলেন, এ ব্যাপারে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সিগঞ্জ
মহাসড়কে সিএনজি অটোরিকশা, বেবিট্যাক্সি, টেম্পো চলাচল করার প্রতিবাদে আজ সোমবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা ও কুচিয়ামোড়ায় প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে মালিক-শ্রমিকেরা। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সিরাজদিখান উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা পারভীন বলেন, মালিক-চালকেরা সড়ক অবরোধের পর প্রশাসনের পদক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
কুষ্টিয়া
সিএনজি মালিক অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধের প্রতিবাদে চৌড়হাস এলাকায় বিক্ষোভ-সমাবেশ ও কালেক্টরেট চত্বরে মানববন্ধন করা হয়েছে। অটোরিকশা চালক ও মালিকের দাবি, মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তারা আরও বড় ধরনের আন্দোলনে যাবেন।