অটোরিকশাচালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে তিন বছর আগে সিএনজিচালিত অটোরিকশার চালককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

নরসিংদীর শিবপুরের সিএনজিচালিত অটোরিকশাচালক পারভেজ ভূইয়াকে (২৮) হত্যার দায়ে একই এলাকার রিপনকে (২৭) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রিপন আদালতে উপস্থিত ছিলেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, পারভেজ ২০১৩ সালের ১৪ জুন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে শিবপুরের বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর পরের দিন গাজীপুরের কাপাসিয়া থানার চরনিলক্ষ্মী এলাকায় একজন অজ্ঞাতব্যক্তির লাশ পাওয়ার খবর পান পারভেজের পরিবারের লোকজন। পরে ঘটনাস্থলে গিয়ে তাঁরা পারভেজের লাশটি শনাক্ত করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির চাচা মো. কিরণ ভূইয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন তদন্ত শেষে পারভেজের এলাকার রমজান, মোবারক, বিল্লাল, কাজল, আকরাম, রিপন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আজ রিপনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং বাকি আসামিদের খালাসের রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন হারিজ উদ্দিন আহম্মদ এবং আসামিপক্ষে ছিলেন মাহমুদুল আলম ও মো. ওয়াহিদুজ্জামান আকন।