চট্টগ্রামের মিরসরাই থেকে গতকাল সোমবার মো. মনির হোসেন (৩৮) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, করেরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ধানখেতে মনিরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে গতকাল সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় জোরারগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মনিরের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মনিরের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়।
সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাউদ্দীন সিকদার বলেন, গতকাল উপজেলার বারৈয়ারহাট এলাকা থেকে মনিরের অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।