অটোরিকশা ছিনতাইয়ের কথা জানানোর চেষ্টা করায় হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করার বিষয়টি মুঠোফোনে স্বজনদের জানানোর চেষ্টা করায় চালক শ্রীনন্দ পাত্রকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হওয়া হত্যা মামলার আসামি তানজিম আহমদ ওরফে রুবেল (২৪) গতকাল শুক্রবার সিলেটের মহানগর হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই কথা বলেছেন।
গতকাল সন্ধ্যায় মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ জানান, বিকেল সাড়ে চারটা থেকে প্রায় দুই ঘণ্টা জবানবন্দি দিয়েছেন রুবেল। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে তাঁর কয়েকজন সঙ্গীর নাম উল্লেখ করেছেন। পুলিশ এদের গ্রেপ্তার করার চেষ্টা করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট সিলেটের শাহপরান থানা এলাকার আদিবাসী পাত্র পল্লি দলইপাড়ার বাসিন্দা শ্রীনন্দ পাত্র (২২) নিখোঁজ হন। পরদিন এ ব্যাপারে শাহ পরান থানায় শ্রীনন্দের বড় ভাই বীরেন্দ্র পাত্র একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার দুই দিন পর ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও থেকে শ্রীনন্দের অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত বৃহস্পতিবার সকালে রুবেলকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে আটক করে পুলিশ। ওই দিন দুপুরে রুবেলের দেওয়া তথ্যমতে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার একটি হাওর থেকে শ্রীনন্দের লাশ উদ্ধার করে পুলিশ। সাধারণ ডায়েরি হত্যা মামলার রূপান্তর করে রুবেলকে গ্রেপ্তার দেখানো হয়। রুবেলের বাড়ি গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, রুবেল ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, তাঁরা পাঁচজন অটোরিকশা ভাড়া করেছিলেন। দিনে সিলেটের বিভিন্ন এলাকা ঘোরাঘুরি করে রাত দুইটার দিকে শ্রীনন্দকে হত্যা করা হয়। হত্যার আগে শ্রীনন্দ তাঁর মুঠোফোন দিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ার বিষয়টি জানানোর চেষ্টা করেন। এ কারণে গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে তঁাকে হত্যা করা হয়।
জবানবন্দিতে রুবেল আরও বলেন, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার রেললাইনের নিকট রাত দুইটার সময় শ্রীনন্দকে হত্যা করা হয়। পরে অটোরিকশাতে যাত্রীর মতো বসিয়ে রেখে হেতিমগঞ্জ এলাকার হাওরপারে শ্রীনন্দের হাত ও পা বেঁধে লাশ হাওরে ফেলা হয়। অটোরিকশাটি ওই রাতেই ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় বিক্রির জন্য রাখা হয়েছিল।