অটোরিকশা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত
সিলেটের বালাগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। উপজেলার ছোট রাজাপুর এলাকায় তাজপুর-বালাগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী সড়ক অবরোধ করলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহত ব্যক্তিরা হলেন: উপজেলার ইলাশপুর গ্রামের সোহরাব আলীর ছেলে আবদুল কালাম (২৫), কুশারগাঁও গ্রামের আরিশ আলীর ছেলে আবদুল হান্নান (৩৮), ভঙ্গপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে তফজ্জুল হোসেন (২৬), পশ্চিম পাঁচপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে নজরুল ইসলাম (২০), বড় দিরারাই গ্রামের ছৈয়দ মিয়ার ছেলে নেওর মিয়া (৪০) ও তাঁর ছেলে জাবেদ মিয়া (১২)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা সোয়া একটার দিকে বালাগঞ্জগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ট্রাকের সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার ভেতরে থাকা কালাম, হান্নান, তফজ্জুল, নেওর, জাবেদ ও চালক নজরুল ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার পরপর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে প্রায় তিন ঘণ্টা তাজপুর-বালাগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম খান ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে সান্ত্বনা দেন। পরে এলাকাবাসী অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুছ ছালেক বলেন, ট্রাকের চাপায় অটোরিকশার অবশিষ্ট বলতে আর কিছুই নেই।