অটোরিকশা ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদীঘি রেলগেট এলাকায় গত বুধবার দুপুরে ট্রেন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় আদিতমারী, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, অটোরিকশার চালক লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের আবদুল মোতালেব (৩০) ও যাত্রী তালুকদুলালী গ্রামের আবু বাক্কার (২৫)। আহত চারজন হলেন: তালুকদুলালী গ্রামের সুখী মনি (৫০), আবু তালেব (৩০), শেফালী খাতুন (২০) ও আবদুর রহিম (৩০)। নিহত বাক্কারসহ আহত সবাই একই পরিবারের সদস্য।জানা গেছে, বুধবার সকালে বাক্কার ও তালেবসহ একই পরিবারের পাঁচ সদস্য মোতালেবের অটোরিকশা ভাড়া করে কালীগঞ্জ উপজেলার কাঁকিনা ইউনিয়নের বাণীনগর গ্রামে এক পল্লি চিকিৎসকের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে সুকানদীঘি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ২০ হাত দূরে ছিটকে পড়লে মোতালেব ও বাক্কার ঘটনাস্থলে নিহত হন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেলের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবদুল হাই জানান, শুকানদীঘি রেলক্রসিং পয়েন্টটি একটি অ্যানম্যান গেট (যেখানে রেলের পক্ষ থেকে গেটম্যান নেই, সতর্কতার জন্য কর্তৃপক্ষের সাইনবোর্ড রয়েছে)। এ ধরনের গেট পারাপারের সময় যাত্রীসহ পরিবহন চালকদের সব দিক খেয়াল করে পারাপারের জন্য বলা হয়েছে।