অটোরিকশা থামিয়ে ছুরিকাঘাতে এমসি কলেজের ছাত্রকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশা থামিয়ে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে ছুরিকাঘাত করে সিলেট এমসি কলেজের ছাত্রকে হত্যা করেছে। সিলেট নগরের পাঠানটুলা এলাকায় গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তাঁর নাম আহমেদ ইমতিয়াজ পারভেজ (২২)।সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা পারভেজ এমসি কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। হত্যার কারণ সম্পর্কে পুলিশসহ পারভেজের পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তবে পুলিশের প্রাথমিক ধারণা, শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে পারভেজ একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পাঠানটুলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে আসা তিনজন যুবক অটোরিকশাটি থামান। এ সময় কোনো কিছু না বলেই পারভেজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তাঁরা পালিয়ে যান। অটোরিকশার চালকসহ প্রত্যক্ষদর্শী কয়েকজন পারভেজকে অবচেতন অবস্থায় ঘটনাস্থলের পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বুকে, পিঠে ও পাঁজরে একাধিক ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।চানপুরের গৃহস্থ মোজাম্মিল আলীর তিন ছেলে ও চার মেয়ের মধ্যে পারভেজ দ্বিতীয়। তাঁর চাচাতো ভাই এস এম দেলওয়ার হোসেন জানান, পরিবারে তিনিই একমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ছিলেন। এমসি কলেজে পড়াশোনা করলেও পারভেজ কোনো ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। অটোরিকশার চালকের মাধ্যমে খবর পেয়ে তাঁরা হাসপাতালে গিয়ে পারভেজের মরদেহ শনাক্ত করেন। দেলওয়ার বলেন, ‘তিন যুবক মোটরসাইকেল দিয়ে অটোরিকশা থামায় এবং কোনো কিছু না বলেই ছুরিকাঘাত করে পালায়। এতে মনে হচ্ছে, হামলা পূর্বপরিকল্পিত। কিন্তু কেন এই হামলা, এ বিষয়ে আমরা পরিবারের সদস্যরা কিছুই ধারণা করতে পারছি না।’ এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে রাতে সিলেট কোতোয়ালি থানার ওসি জানান, ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে এ হামলা হয়েছে।