অটোরিকশা থেকে ছিটকে পড়ল যাত্রী, প্রাণ গেল বাসচাপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে পালাতে যাওয়া বেপরোয়া গতির সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে পড়ে গিয়ে আবু সাঈদ (৩৫) নামের এক ব্যক্তি বাসের চাপায় নিহত হয়েছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শাজাহানপুর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ উপজেলার চোপীনগর ইউনিয়নের বড়পাথার গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী চার ব্যক্তি জানান, সকালে থানার সামনে তল্লাশিচৌকি বসিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা আটক করছিল শাজাহানপুর থানা-পুলিশ। বেলা ১১টার দিকে মাঝিড়া বন্দর থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটিকে থামানোর জন্য পুলিশ সংকেত দিলে চালক পালানোর উদ্দেশ্যে দ্রুতগতিতে অটোরিকশাটিকে ঘুরিয়ে নিতে গেলে সামনের সিটে বসা যাত্রী আবু সাঈদ যানটি থেকে পড়ে যান। এ সময় বগুড়া শহর অভিমুখী শিক্ষার্থী বহনকারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই আবু সাঈদ মারা যান।

থানার সামনে চা দোকানি আরিফ বলেন, দুর্ঘটনার পরপরই স্বজনেরা এসে লাশ নিয়ে যান। আবু সাঈদের স্বজনদের কাছে তিনি জানতে পেরেছেন, উপজেলার খাউড়ার মেলা থেকে বড় একটি মাছ কিনে শ্বশুরবাড়ি সুজাবাদে যাচ্ছিলেন আবু সাঈদ।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) কালাচাঁদ ঘোষ বলেন, পুলিশ মহাসড়কে কোনো সিএনজি অটোরিকশা ধরছিল না। চালকের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির পরিবারকে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।