অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের তিন উপজেলার সিএনজিচালিত অটোরিকশাচালকদের ধর্মঘট গতকাল রোববার রাতে প্রত্যাহার করা হয়েছে। শ্রমিক ইউনিয়ন ও গাড়ির সিরিয়ালের জন্য চাঁদা বাড়ানোয় তাঁরা এ ধর্মঘট ডেকেছিলেন।
জেলার মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার অটোরিকশাচালকেরা গতকাল সকাল আটটা থেকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহ উপজেলার শিমুলতলা এলাকায় অটোরিকশা রেখে ধর্মঘট শুরু করেন।
জেলা সিএনজিচালিত অটোরিকশা-টেম্পো শ্রমিক ইউনিয়ন ও চালকেরা জানিয়েছেন, আগে প্রতিটি অটোরিকশার জন্য শ্রমিক ইউনিয়নের নামে ১০ টাকা ও স্ট্যান্ডে সিরিয়ালের জন্য ১০ টাকা করে দিতে হতো। তখন একজন চালক দিনে তিনবার স্ট্যান্ডে এসে যাত্রী তুললে তাঁকে সিরিয়ালের জন্যই ৩০ টাকা দিতে হতো। শ্রমিক ইউনিয়নের জন্য দিনে একবারই টাকা দিতে হয়। এ ছাড়া জামালপুর শহরের ঝিনাই ব্রিজ এলাকা দিয়ে যেতে হলে মালিক সমিতির জন্য ১০ টাকা করে চাঁদা দিতে হচ্ছে।
গত শুক্রবার থেকে চাঁদা বাড়িয়ে শ্রমিক ইউনিয়নের জন্য ২০ টাকা ও সিরিয়ালের জন্য ১৫ টাকা করা হয়।
মেলান্দহ উপজেলার শিমুলতা এলাকায় মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ সড়কের চালকেরা গতকাল সকালে গাড়ি বন্ধ রেখে প্রতিবাদ সভা করেন। অবৈধ চাঁদা বন্ধ না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করার কথা বলেন চালকেরা। অটোরিকশার কয়েকজন চালক বলেন, যানবাহনের সংখ্যা বাড়ায় তাঁদের আয় কমে গেছে। তার ওপর সড়কে গাড়ি বের করলেই শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নামে প্রতিদিন ৮০ থেকে ৯০ টাকা করে চাঁদা দিতে হয়। শ্রমিক কল্যাণের কথা বলে চাঁদা ওঠালেও চালকদের কল্যাণে কোনো টাকাই ব্যয় হয় না। গত শুক্রবার থেকে নতুন হারে চাঁদা নেওয়া হয়।
মেলান্দহ সড়কের অটোরিকশাচালক সোরুয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সারা দিন যা আয় হয়, তার বেশির ভাগ গাড়ির মালিক ও বিভিন্ন নামে চাঁদা দিয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়। হঠাৎ করেই আবার শ্রমিক ইউনিয়ন চাঁদা বাড়ায়। তাই আমরা চালকেরা ধর্মঘটের ডাক দিয়েছিলাম।’
এদিকে ধর্মঘটের কারণে তিন উপজেলার শত শত যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েন। মেলান্দহ উপজেলার অটোরিকশার যাত্রী নাজমুল হাছান বলেন, বেশির ভাগ মানুষ অটোরিকশায় চলাচল করেন। ধর্মঘটের কারণে সকাল থেকে যানবাহনের সংকট দেখা দেয়। বেশি টাকা ব্যয় করে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে চলাচল করতে হয়।
জেলা সিএনজিচালিত অটোরিকশা-টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় চালকদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, শ্রমিক ইউনিয়নের জন্য ২০ টাকা দিতে হবে। কিন্তু সিরিয়ালের টাকা কমিয়ে ৫ টাকা করা হবে। এ সিদ্ধান্ত নেওয়ার পর চালকেরা ধর্মঘট প্রত্যাহার করেন।