নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালানোর সময় কিশোরগঞ্জের পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের গতকাল বোরবার কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন: ইয়াছিন (২৪), মাহাবুব (২৫), সজল (২০) ও নূর ইসলাম (২৩)। প্রথম তিনজনের বাড়ি কিশোরগঞ্জ সদরের বৌলাই গ্রামে এবং অপরজনের বাড়ি তাড়াইল উপজেলার কাজলা গ্রামে। পুলিশ অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে। পুলিশ, চালক ও এলাকাবাসী জানিয়েছেন, কিশোরগঞ্জ থেকে অটোরিকশাটি ভাড়া নিয়ে তাড়াইল সদরে আসার সময় নীলগঞ্জ বাজারে এসে আরোহী চারজন কোমল পানীয় পান করেন। এ সময় চালক নজরুল ইসলামকে (৩৫) কৌশলে পানীয় পান করান। পরে তাড়াইলের তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় এসে চালক অজ্ঞান হয়ে পড়লে তাঁকে রাস্তার পাশে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে কিশোরগঞ্জের দিকে রওনা হন তাঁরা। এলাকাবাসী চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের শরীর তল্লাশি করে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অটোরিকশার চালক নজরুলকে ওই দিন তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর গতকাল দুপুরে তিনি সুস্থ হয়ে তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুল্লি গ্রামে ফিরে গেছেন। এ ব্যাপারে নজরুলের ছোট ভাই ওয়ালীউল্লাহ ও পুলিশ বাদী হয়ে শনিবার তাড়াইল থানায় পৃথক দুটি মামলা করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, থানায় এঁদের বিরুদ্ধে দুটি মামলা দায়েরের পর আজ (গতকাল রোববার) আসামিদের কিশোরগঞ্জ বিজ্ঞ বিচারকের কার্যালয়ে পাঠানো হয়েছে।