অটোরিকশা বাড়িয়েছে লোডশেডিং, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ১৬ উপজেলায় চুরি, সিঁদেল চুরি, ডাকাতি, চোরাচালান, অস্ত্রের ব্যবহার ও মাদকের অপব্যবহার বেড়েই চলছে। চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে এর প্রবণতা আরও বেড়েছে। গত মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগজনক এ পরিস্থিতির কথা জানানো হয়। একই সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন সভার আলোচকেরা। তাঁরা বলেন, দিনে ও রাতে এগুলো চার্জ দেওয়ার ফলে বাড়তি বিদ্যুৎ খরচ হচ্ছে। এতে সাধারণ মানুষকে ঘন ঘন লোডশেডিংয়ে পড়তে হচ্ছে। শহরে যানজটও গেছে বেড়ে।জানা গেছে, গত সেপ্টেম্বরে ১৩টি চুরি, ১৪টি সিঁদেল চুরি, পাঁচটি ডাকাতি, ২০টি চোরাচালান, ১৫টি অস্ত্র উদ্ধার ও ১১২টি মাদকদ্রব্য পাচারের ঘটনা ঘটেছে। অন্যদিকে, আগস্টে ১১টি চুরি, নয়টি সিঁদেল চুরি, তিনটি ডাকাতি, ১৫টি চোরাচালান, পাঁচটি অস্ত্র উদ্ধার এবং ৯২টি মাদকদ্রব্য পাচারের ঘটনা ঘটে। সেপ্টেম্বরে পুলিশ কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে একটি রিভলবার, একটি পিস্তল, দুটি পাইপগান, একটি চাপাতি ও ১০টি গুলি উদ্ধার করে।সভায় কুমিল্লার পরিবহনখাতে চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার দাপটে অস্থির কুমিল্লাবাসী। ব্যাটারিচালিত অটোরিকশার কারণে প্রতিদিন গড়ে সাত মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। বিদ্যুৎ বিভাগের অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে অটোরিকশাগুলো গোপন স্থানে ব্যাটারি চার্জ করে। এতে জনসাধারণকে ঘন ঘন লোডশেডিং পোহাতে হয়। এসব অটোরিকশার কারণে শহরে যানজট লেগেই থাকে।আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, কুমিল্লা শহরের বিসিক শিল্পনগরের পরিত্যক্ত কারখানাগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়া হয়। একই সঙ্গে শহরের ধর্মপুর, চৌমুহনী, অশোকতলা, চকবাজার, কাপ্তানবাজার, টমছমব্রিজ, শাকতলা, ইপিজেড সড়ক, মোগলটুলী, আদালত পাড়া ও শাসনগাছায় অবৈধ বিদ্যুতের লাইন টেনে রাতদিন অটোরিকশায় চার্জ দেওয়া হয়। এ জন্য প্রতি অটোরিকশা থেকে ৭০ টাকা নেওয়া হয়। কুমিল্লায় ৩০০ অটোরিকশার অনুমোদন থাকলেও চলে চার হাজারের মতো।বরুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) মো. ফারুক হোসেন বলেন, ‘বরুড়ায় ব্যাটারি চার্জ দেওয়ার আটটি যন্ত্র খুঁজে পেয়েছি। কোনো গ্যারেজে এগুলো চার্জ না দিয়ে অন্য কোনো দোকানে চার্জ দেওয়া হয়, যাতে আইনপ্রয়োগকারী সংস্থা সেটা বুঝতে না পারে। এ সমস্যা দূর করতে হবে।’বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা সড়ক থেকে উঠাতে হবে। এগুলোর কারণে বিদ্যুতের অপচয় হচ্ছে।চোরাচালান বেড়ে যাওয়া প্রসঙ্গে ৩৩ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক রূপায়ণ বলেন, সীমান্তের প্রতি ১০ কিলোমিটার এলাকায় বিডিআরের চারজন সদস্য দায়িত্ব পালন করেন। তাঁদের পক্ষে বিশাল এলাকা নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী বলেন, আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি কম থাকার কারণে দিনে দিনে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। এখনই এর লাগাম টেনে ধরতে হবে।জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘শহরের রামঘাট আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড রয়েছে। ওই স্ট্যান্ডের টাকায় পার্টির খরচপাতি চলে। সেটি উচ্ছেদ করতে গেলে এমন জায়গা থেকে ফোন আসে, তখন আর কিছুই করতে পারি না।’কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয় কড়া হুঁশিয়ারি দিয়েছে। আমাদের অবৈধ অটোরিকশা চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সবাই তৎপর থাকলে অপরাধ প্রবণতা কমে যাবে।’