অটোরিকশা-রিকশাচালকদের পোয়াবারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিআরটিএর অভিযানের মুখে রোববার থেকে রাজধানীতে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন অনেক পরিবহন মালিক। এতে নগরে যানবাহনের সংকট দেখা দেয়। এ কারণে অনেক যাত্রীকে লেগুনার অতিরিক্ত যাত্রী হয়ে গন্তব্যে যেতে দেখা যায়। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
বিআরটিএর অভিযানের মুখে রোববার থেকে রাজধানীতে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন অনেক পরিবহন মালিক। এতে নগরে যানবাহনের সংকট দেখা দেয়। এ কারণে অনেক যাত্রীকে লেগুনার অতিরিক্ত যাত্রী হয়ে গন্তব্যে যেতে দেখা যায়। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

তানিয়া আহমেদ ধানমন্ডি থেকে বনানীতে তাঁর কর্মস্থলে প্রতিদিন বাসেই যাতায়াত করেন। গত রোববার থেকে সিটিং সার্ভিসগুলো লোকাল করা হয়েছে। তাই ভিড়ের কারণে তাঁর পক্ষে আর বাসে ওঠা সম্ভব হচ্ছে না। গতকাল তিনি ধানমন্ডি ৪ নম্বর সড়কে দাঁড়িয়ে সিএনজিচালিত অটোরিকশা খুঁজছিলেন। বনানী যেতে কোনো অটোরিকশাই ৪০০ টাকার নিচে রাজি হচ্ছিল না। অফিসের সময় হয়ে যাওয়ায় আগের দিনের মতো অতিরিক্ত ভাড়া দিয়েই অটোরিকশায় চড়তে বাধ্য হয়েছেন তিনি।
রোববার থেকে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধে অভিযান চলার কারণে হঠাৎ করেই বাসের সংখ্যা কমে গেছে। এতে কর্মজীবীসহ সাধারণ মানুষ পড়েছেন ভোগান্তিতে। গতকাল সোমবারও অভিযান অব্যাহত থাকায় সড়কে বাসের সংখ্যা কম ছিল। বাস কমে যাওয়ায় বিকল্প হিসেবে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার ওপর চাপ বেড়ে গেছে। আর এই সুযোগে অটোরিকশা ও বাসচালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
জিগাতলায় অটোরিকশার ভাড়া নিয়ে চালকের সঙ্গে দরদাম করতে থাকা ক্ষুব্ধ আবু বকর নামের এক যাত্রী বললেন, ‘বিআরটিএ কি সিএনজি দেখে না? মিটারে তো চলেই না। সব বলে প্রাইভেট। ২০০ টাকার নিচে কোনো ভাড়াই নেই। এমন চলতে থাকলে গরিব তো দূরের কথা, ঢাকায় মধ্যবিত্তরাও টিকতে পারবে না।’ সেখানে উপস্থিত আরও কয়েকজন যাত্রী বললেন, শুধু বাসের ওপর চাপ দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না। সিএনজিচালিত অটোরিকশাগুলো ইচ্ছামতো চলে। এদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেই। ঠেকায় পড়ে বেশি ভাড়া দিয়েই অটোরিকশায় চড়তে হচ্ছে।
স্কুলশিক্ষিকা শামসুন্নাহার কণা গতকাল সোমবার মিরপুর-১২ থেকে কাকলী পর্যন্ত অটোরিকশায় গিয়েছেন ২০০ টাকায়। তিনি বলেন, ‘নরমালি ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেয়। আজকে ২৫০ টাকা পর্যন্ত চেয়েছে।’ তিনি বলেন, স্কুলে সাধারণত বাসে চড়েই যাওয়া হয়। কিন্তু সিটিং বাস সব লোকাল হয়ে যাওয়ায় ভিড়ের কারণে ওঠা যাচ্ছে না। কণা বলেন, ‘লোকাল হলেও ভাড়া তেমন কমেনি। যেহেতু বাসে ভাড়ার তালিকা টাঙানো নেই, তাই যাত্রীরা ঠিক জানেনও না দূরত্ব অনুযায়ী ভাড়া কত হতে পারে। ভাড়া আদায়কারী যা বলছেন, তা-ই দিতে হচ্ছে।’
অটোরিকশাচালকেরা বলছেন, বাসের যাত্রী তাঁরা পান না। রাস্তায় বাস কম নামায় তাঁদের কোনো লাভ হচ্ছে না। মো. কায়সার নামের এক চালক বললেন, ‘বাসের যাত্রী রিকশায় যাইব, হেরা সিএনজিতে ওঠে না।’
আসাদুল ইসলাম মতিঝিলে ব্যবসায়িক কাজে যাতায়াত করেন। চলাচল করেন মোহাম্মদপুর থেকে মতিঝিলগামী বাসে। গত রোববার কষ্ট করে যেতে পারলেও গতকাল সোমবার ধানমন্ডির সিটি কলেজ থেকে রিকশা ভাড়া করেছেন ১৫০ টাকায়। তিনি বলেন, ‘এইভাবে চলতে গেলে তো দিনে ৫০০ টাকায়ও কুলোবে না। সিটিং-ফিটিং বুঝি না। শান্তিমতো যাওয়ার ব্যবস্থা করুক।’
রিকশাচালক সাইফুল ইসলামের প্রতিদিনের রোজগার ৫০০ থেকে ৬০০ টাকা। কিন্তু গত রোববার তাঁর আয় হয় ১ হাজার ২০০ টাকা। বেশি ভাড়া নেওয়ার কথা স্বীকার না করলেও বলেন, ‘বাসের যাত্রীরা রিকশায় উঠতাছে। আমরা তো বেশি দূর যাইতে পারি না। তয় প্যাসেঞ্জার বাড়ছে।’
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে গতকালও ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। দুপুরের দিকে দেখা যায়, অন্তত ১৫টি বাস সেখানে দাঁড়ানো। গুলিস্তান, মতিঝিল ও যাত্রাবাড়ী থেকে আসা বাসগুলো এই অভিযানের মুখে পড়ে। যাত্রীরা অনেকেই নেমে যাচ্ছেন। এতে হঠাৎ করেই শাহবাগে বাসের সংকট দেখা দেয়। হেঁটে শাহবাগ পর্যন্ত এসে দাঁড়িয়ে ছিলেন মমতা বেগম। তিনি বলেন, ‘এখন আমি কী করতাম? সিএনজিতে গেলে অনেক খরচ!’
রাস্তায় বাস কম থাকা প্রসঙ্গে খাজা বাবা পরিবহনের চালক আইয়ুব আলী বলেন, বাসের স্টাফদের সঙ্গে যাত্রীদের মারামারি হওয়ায় স্টাফরা কাজ করতে রাজি হচ্ছেন না। আজকে তাঁদের ২২টি বাস চলছে। অন্যান্য দিন ৩৩টা বাস চলে।
সিটিং বা গেটলক সার্ভিস চলার সময় নারী যাত্রীরা কিছুটা স্বস্তিতে চলতে পারতেন বলে জানালেন নিশা রহমান। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই ছাত্রী বলেন, সকালে ক্লাস থাকলে অফিসগামী মানুষের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে হয়। সব লোকাল হওয়ায় বাসের ধারেকাছে যাওয়ারও সুযোগ পাচ্ছেন না। মোহাম্মদপুর থেকে ধানমন্ডিতে যাতায়াতে তাঁকে এখন দিনে ১০০ টাকার ওপরে রিকশা ভাড়া দিতে হচ্ছে।
সোনারগাঁ মোড় থেকে নতুনবাজারে যাওয়ার জন্য হামিদ মিয়া সিএনজি অটোরিকশা খুঁজছিলেন। ভাড়া চাইছে ৪০০ টাকা। তিনি বলেন, সবার পক্ষে ধাক্কাধাক্কি করে বাসে ওঠা সম্ভব নয়। কিন্তু যাতায়াতে এভাবে বেশি খরচ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শুধু বাসের দিকে নজর দিলেই হবে না। সিএনজিওয়ালাদের দৌরাত্ম্য বন্ধ করা উচিত।’
বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সিএনজির অভিযানও চলে। যাত্রীরাই কিন্তু স্বীকার করেন না বেশি ভাড়া দিয়ে যাওয়ার কথা। আমাদের কাছে অভিযোগ করলে আমরা ওদের ডাকাই।’ তবে তিনি বলেন, বাস কম চলায় কিছুটা ভোগান্তি হচ্ছে।