স্থানীয় সাংসদের সিদ্ধান্তে হবিগঞ্জ শহর থেকে অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে দেওয়ায় সাত মাস ধরে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এর প্রতিবাদে গতকাল শনিবার অটোরিকশা মালিক-শ্রমিক সমিতি দিনব্যাপী ধর্মঘট করেছে।পাশাপাশি সমিতি ঘোষণা দিয়েছে, অনতিবিলম্বে শহরের ভেতরে তাদের স্থায়ী স্ট্যান্ডের জায়গা না দিলে তারা অনির্দিষ্টকালের জন্য পরিবহন চলাচল বন্ধ করে দেবে। জেলা অটোরিকশা মালিক সমিতি সূত্রে জানা গেছে, শহরে থানার মোড়ে অটোরিকশার স্ট্যান্ড ছিল। এখান থেকেই সারা জেলায় যাত্রীরা যাতায়াত করতেন। হঠাৎ স্থানীয় সাংসদ গত ফেব্রুয়ারি মাসে এ স্ট্যান্ডটি পুলিশ দিয়ে সরিয়ে দেয় শহর থেকে। পরে সিএনজি অটোরিকশাগুলো শহরের বাইরে ২ নম্বর পুল এলাকায় অস্থায়ী স্ট্যান্ড তৈরি করে রাস্তার পাশে। শহরের ব্যবসায়ী রফিক আহমেদ বলেন, অটোরিকশা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের বাহন। এ স্ট্যান্ড শহরের বাইরে পাঠানোর সিদ্ধান্ত সঠিক হয়নি। যাত্রী অজয় রায় বলেন, শহরের ভেতর থেকে স্ট্যান্ড সরিয়ে দেওয়ায় শুধু মালিক সমিতির ক্ষতিই নয়, বরং জনগণের ভোগান্তি আরও বেড়েছে। হবিগঞ্জ অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আলম চৌধুরী বলেন, ‘আমরা ষড়যন্ত্রের শিকার। শহরের ভেতরে আমাদের জায়গা না দিলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হবে। সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ বলেন, ‘হবিগঞ্জ বাসমালিক সমিতি সাংসদকে ভুল বুঝিয়ে এ সিদ্ধান্ত কার্যকর করেছে। আমরা সাংসদ ও প্রশাসনের কাছে বারবার আবেদন করেছি, আমাদের স্থায়ী স্ট্যান্ড গড়ার জায়গা দেওয়ার জন্য, কিন্তু তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না।’এ বিষয়ে হবিগঞ্জ সদর (হবিগঞ্জ-লাখাই) আসনের সাংসদ আবু জাহির জানান, হবিগঞ্জ শহরের যানজট দূর করার জন্য শহরের ভেতরে সব ধরনের বাস ও ট্রাক চলাচল বন্ধ করার সিদ্ধান্ত হয়। বিষয়টি বাসমালিক সমিতিকে জানালে তারা শহরের ভেতরের অটোরিকশার স্ট্যান্ডকে যানজটের জন্য দায়ী করে। যেহেতু তাদের (বাস) সরিয়েছি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে অটোরিকশার স্ট্যান্ড শহরের বাইরে নেওয়া হয়।